ইসরায়েলের বিরুদ্ধে যেকোন প্রচেষ্টায় বাধা দেবো-হিলারি ক্লিনটন

তেল আবিবকে অবৈধ করার যেকোন প্রচেষ্টার বিরুদ্ধে ভূমিকা রাখবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন।
নির্বাচনের আগ মুহূর্তে রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। এই দুই নেতা নিউইয়র্কের ম্যানহাটনের একটি হোটেলে বৈঠকে মিলিত হন।
এ সময় হিলারি বলেন, ইসরাইল-ফিলিস্তিনি সংঘাত অবসানের লক্ষ্যে জাতিসংঘের মধ্যস্থতায় যে সমাধান দেয়া হয়েছে তিনি তার প্রতিবাদ করবেন। এছাড়া তেল আবিবকে অবৈধ করার যেকোন প্রচেষ্টার বিরুদ্ধে ভূমিকা রাখবেন বলেও জানান তিনি।
নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে হিলারি জানান, ফিলিস্তিন সংঘাত অবসানে দ্বি-রাষ্ট্র সমাধান নীতিকেই তিনি সমর্থন করেন। তিনি জানান, চলমান সংঘাত থামাতে বাইরে থেকে কোনো সমাধান চাপিয়ে দেয়া হলে তিনি তা মেনে নেবেন না, বরং এর বিরোধিতা করবেন। সেই সমাধান জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে দেয়া হলেও তিনি তার বিরোধিতা করবেন বলে জানান।
হিলারির সাথে বৈঠকের আগে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও বৈঠক করেন নেতানিয়াহু। ট্রাম্পও নেতানিয়াহুকে সর্বাত্মক সাহায্য করার আশ্বাস দেন। এছাড়া তেলআবিবের পরিবর্তে জেরুজালেমকে রাজধানী করার ব্যাপারেও সমর্থনের কথা জানান ট্রাম্প।



