
করোনাভাইরাস মহামারির মধ্যে পবিত্র রমজান উপলক্ষে নগরীর প্রায় ১০ হাজার দুস্থ মানুষের মুখে প্রয়োজনীয় খাবার সামগ্রী তুলে দিতে ‘প্রজেক্ট ঢাকা এইড’ নামের একটি কর্মসূচি ঘোষণা করেছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
এর আওতায় ঢাকার আরও ১০ হাজার বিত্তবান মানুষকে সঙ্গে নিয়ে ৫০০ টাকা করে ডোনেশানের মধ্য দিয়ে একটি তহবিল গঠনের আহ্বান জানান তিনি।
মঙ্গলবার দুপুরে ইশরাক হোসেনের ভেরিফায়েড ফেইসবুক পেইজে লাইভে এসে এ আহ্বান জানান তিনি। সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই উদ্যোগটি নেয়া হয়েছে।
করোনায় লকডডাউন হয়ে যাওয়ায় যারা খুব অসহায়ভাবে দিনযাপন করছেন তাদের কথা উল্লেখ করে ঢাকার ১০ হাজার বিত্তবানকে একসঙ্গে হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঢাকা শহরে বসবাসকারী প্রায় ২ কোটি মানুষের মধ্যে মাত্র ৫০০ টাকা করে ডোনেট করতে পারে এমন মানুষের সংখ্যা অনেক। একটা ভালো কাজ অর্থাৎ ঢাকার অসহায় ১০ হাজার মানুষের পাশে দাঁড়াতে আমরা ১০ হাজার মানুষ একত্রিত হয়ে একটা তহবিল গঠন করতে চাই।
এ জন্য সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের ওয়েবসাইট (www.shkfoundation.org ) এবং ফেসবুক পেইজের মাধ্যমে প্রতিদিনের আপডেট দেওয়া হবে বলেও জানান তিনি। সেইসঙ্গে এই কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রজেক্ট ঢাকা এইড নামে একটা ফেসবুক ইভেন্টও চালু করা হয়েছে । আগামী ১২ তারিখ পর্যন্ত চলবে এই প্রজেক্টের জন্য তহবিল সংগ্রহের কার্যক্রম। এছাড়া ০১৭২২২৭৭০৮২ এই নম্বরে বিকাশ,রকেট এবং নগদের মাধ্যমে যে কেউ ডোনেট করতে পারবেন।




