ইরানের সহযোগিতার কথা ভুলবে না ইরাক : কাতারকে রিয়াদে আমন্ত্রণ

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ইরানের সহযোগিতা ইরাক কখনোই ভুলবে না। এ কথা বলেছেন ইরাকের প্রেসিডেন্ট ফুয়াদ মাসুম। বৃহস্পতিবার বাগদাদে ইরানের রাষ্ট্রদূত ইরাজ মাসজেদির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ইরাকি প্রেসিডেন্ট আরো বলেছেন, ইরান-ইরাক সম্পর্ক ঐতিহাসিক এবং দুই দেশের সাংস্কৃতিক বন্ধনের শেকড় অনেক গভীরে প্রোথিত। তিনি বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারের আহ্বান জানান।
ইরানি রাষ্ট্রদূত বলেন, তেহরানও আর্থ-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক ও সহযোগিতা জোরদারে আগ্রহী। এছাড়া ইরাক পুনর্গঠনে ইরানের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
ইরাকের প্রেসিডেন্ট ছাড়াও দেশটির প্রভাবশালী রাজনীতিবিদ সাইয়্যেদ আম্মার হাকিমের সঙ্গে বৈঠক করেছেন ইরানের রাষ্ট্রদূত। ওই বৈঠকেও দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে।
অন্যদিকে চলতি বছর আরব লীগ সামিটে অংশগ্রহণের জন্য কাতারকে আমন্ত্রণ জানানো হয়েছে। সৌদি আরবের রিয়াদে আগামী ১৫ এপ্রিল আরব লীগ সামিট অনুষ্ঠিত হবে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়েরে মুখপাত্র লুলওয়া আল খাতের বলেন, আরব সামিটে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পত্র পেয়েছে কাতার। তবে যোগ দেয়ার ব্যাপারে এখনো তারা সিদ্ধান্ত নেননি বলেও জানান তিনি।
এর আগে গত মাসে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান ঘোষণা দিয়েছিলেন, সমঝোতা ছাড়া কাতারকে তিনি কখনোই মেনে নেবেন না। তবে তার মানে এই নয় যে আসন্ন আরব সামিটেও কাতারকে যোগ দিতে দেয়া হবে না।
তাছাড়া আরব লীগের অভ্যন্তরীণ রীতি অনুযায়ী আয়োজক দেশ অন্য সদস্যদের অফিসিয়ালি আমন্ত্রণ জানিয়ে থাকে।




