ইরানের ওপর মার্কিন অবরোধ আন্তর্জাতিক আইনের পরিপন্থী : চীন

চীনা পররাষ্ট্র দফতর মুখপাত্র লু ক্যাং বলেন, ‘ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দেশটির সঙ্গে চুক্তিতে পৌঁছানো মোটেই সহজ কাজ ছিলো না। তাই সবার উচিত এর গুরুত্ব অনুধাবন করে চুক্তি মেনে চলা। কিন্তু বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে কোনো আলোচনা ছাড়া দেশটির ওপর মার্কিন অবরোধ আরোপ আন্তর্জাতিক আইনের পরিপন্থী।’
ইরানের পরমাণু চুক্তি মেনে চলতে যুক্তরাষ্ট্রসহ সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে চীন। পাশাপাশি এই ইস্যুতে মার্কিন সরকারের একমুখী নীতির সমালোচনা করেছে দেশটির পররাষ্ট্র দফতর।
বিশ্ব সম্প্রদায়ের তীব্র সমালোচনার মুখে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আপাতত ইরানের পরমাণু চুক্তিতে থাকার ইঙ্গিত দিলেও, সেদিনই তেহরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। দেশটির বিচার বিভাগের প্রধানসহ ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অবরোধের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দেয় তেহরান।
ইরানের পাশাপাশি দেশটির ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে চীন ও রাশিয়া। ইরানের পরমাণু চুক্তি থেকে বেরিয়ে গেলে যুক্তরাষ্ট্র চরম ভুল করবে বলে সতর্ক করেছে মস্কো। শনিবার এক সাক্ষাৎকারে রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
সের্গেই রিয়াবকভ বলেন, ‘আমরা বুঝতে পারছি, যুক্তরাষ্ট্র আস্তে আস্তে ইরানের পরমাণু চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়ার দিকেই এগোচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত যদি তারা এমনটা করে, তবে সেটা ওয়াশিংটনের জন্য মারাত্মক কূটনৈতিক ভুল হবে।’




