খেলা

ইমরান-ওয়াসিমদের পাশে মাশরাফী

অনন্য এক কীর্তি গড়লেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। রবিবার জিম্বাবুয়ের বিপক্ষে ২ উইকেট পেয়েছেন টাইগার অধিনায়ক। তাতে অধিনায়ক হিসেবে ১০০ উইকেট নেওয়ার মাইলফলক গড়েছেন নড়াইল এক্সপ্রেস।
ক্রিকেট ইতিহাসে মাত্র পঞ্চম অধিনায়ক হিসেবে ওয়ানডেতে ১০০ উইকেটের কীর্তি হলো মাশরাফীর।
মাশরাফীর আগে এই রেকর্ড গড়েছিলেন- ইমরান খান, ওয়াসিম আকরাম, শন পলক ও জ্যাসন হোল্ডার। ক্যারিবিয়ান তারকা হোল্ডার খুব সম্প্রতি এই রেকর্ড গড়েছেন। আর অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার কীর্তি ওয়াসিম আকরামের। ১০৯ ম্যাচে ১৫৮ উইকেট তার।
২০১০ সালে বাংলাদেশকে প্রথম ওয়ানডেতে নেতৃত্ব দেন মাশরাফী। এরপর অধিনায়ক হিসেবে ৮৬তম ম্যাচে এসে শততম উইকেট পেলেন। সব মিলে ২১৮ ওয়ানডেতে মাশরাফীর শিকার ২৬৮ উইকেট।
২০১৯ বিশ্বকাপের আগে থেকেই এই রেকর্ডের অপেক্ষায় ছিলেন মাশরাফী। অধিনায়ক হিসেবে ৯৭ উইকেট নিয়ে বিশ্বকাপ শুরু করেছিলেন। কিন্তু পুরো আসরে মাত্র ১ উইকেট পান মাশরাফী।
এরপর ইনজুরির কারণে শ্রীলঙ্কা সফর মিস করেছেন। জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সেই সিরিজের পর বাংলাদেশ আর ওয়ানডেই খেলেনি।
দীর্ঘ বিরতির পর রবিবার জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডেতে ফিরে বাংলাদেশ। মাঠে ফেরেন মাশরাফীও। বাংলাদেশ তুলে নেয় ১৬৯ রানের বড় জয়।
মাশরাফী এদিন জিম্বাবুয়ের অধিনায়ক চামু চিবাবাকে নিজের প্রথম শিকার বানান। এরপর টিনোটেন্ডা মুতুম্বোদজিকে নিজের দ্বিতীয় শিকার বানান। এই উইকেট নেওয়ার মধ্য দিয়েই গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। মাশরাফীর নামও উঠে যায় ইমরান খান, ওয়াসিম আকরামদের পাশে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button