ইন্দোনেশিয়ায় ‘ইজতেমা এশিয়া’সহ সব ধর্মীয় জমায়েত বন্ধ

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া তাবলীগ জামাতের একটি ইজতেমাকে ঘিরে করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার আশঙ্কা করছিলেন দেশটির কর্তৃপক্ষ।
শুরুতে রাজি না হলেও ইজতেমা এশিয়া নামে ওই ধর্মীয় জমায়েত বন্ধে সরকারের আহ্বানে সাড়া দিয়েছে স্থানীয় তাবলীগ নেতৃত্ব।
পূর্ব ইন্দোনেশিয়ার গোয়া অঞ্চলের বন্দর নগরী মাকাসার নিকটেই এই ইজতেমা হওয়ার কথা ছিল। এতে অংশ নেয়ার জন্য ইতিমধ্যে সাড়ে ৮ হাজার মানুষ জড়ো হয়েছিলেন।
করোনার সংক্রমণের আশঙ্কায় বেশ কয়েকদিন ধরে জমায়েতটি বন্ধ করার চেষ্টা করছিলেন কর্তৃপক্ষ।
বুধবার গোয়া কর্তৃপক্ষের প্রধান আদনান পুরিছতা ইছসান বলেন, ‘আলহামদুলিল্লাহ, অবশেষে ইজতিমা স্থগিত করা সম্ভব হয়েছে।’
ইজতিমা এশিয়া বন্ধ হয়ে যাওয়ার মধ্যে দিয়ে দেশটিতে সব ধরনের ধর্মীয় অনুষ্ঠানও বাতিল করেছে দেশটি।
ইন্দোনেশিয়ায় এখন পর্যন্ত ২২৭ জন আক্রান্ত হয়েছে, মারা গেছে ১৯ জন।
এর আগে মালয়েশিয়ায় তাবলীগের একটি ইজতেমায় অংশ নেয় ১৬ হাজারের বেশি মানুষ। দেশটিতে করোনা আক্রান্তদের বড় একটি অংশ ওই জমায়েতে অংশ নিয়েছিলেন। সিঙ্গাপুরসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশেও করোনা ছড়িয়ে পড়েছে ওই ইজতেমা থেকে।




