
ইন্দোনেশিয়ায় একটি ম্যাচের কারখানায় অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত শিশুসহ ৩০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (২১ জুন) বিকেলে দেশটির উত্তর সুমাত্রার বিনজাই শহরে এ ঘটনা ঘটে।
কারখানাটিতে ৩০ জন শ্রমিক ছিল। তাদের সবাই মারা গেছেন বলে জানানো হচ্ছে। নিহতদের মধ্যে তিনজন শিশুও রয়েছে।
ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, কুণ্ডলী পাকিয়ে কালো ধোঁয়া উঠতে। আগুনের পর মেঝেতে পুড়ে অঙ্গার হয়ে যাওয়া একটি লাশের ওপর আরেকটি স্তূপ করে রাখা হয়েছে।
বিনজাই পুলিশ প্রধান নুগরোহো থ্রি নুয়ান্তো বলেন, একটি গ্যাস ক্যানিস্টার বিস্ফোরিত হয়ে সম্ভবত এই আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।




