ইতালির সামনে এবার জার্মানি

ইউরোর সেমিতে ওঠার লড়াইয়ে বুফনদের সামনে এবার বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। গত আসরে এই দলটিকে সেমিফাইনালে হারিয়েছিল তারা। এবার এক ধাপ আগেই দেখা হয়ে গেল। তাদের লক্ষ্য গতবারের পুনরাবৃত্তি ঘটানো! অন্য দিকে প্রতিশোধের আগুনে জ্বলছে জার্মানরা। শুধু গত আসরের প্রতিশোধই নয়। এ যাবৎকালে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে ইতালিকে হারাতে পারেনি তারা।
ইতালি প্রতিশোধ নিয়ে ইউরোর কোয়ার্টার ফাইনালে এসেছে। গত আসরের ফাইনালে যে স্পেনের কাছে হেরেছিলেন, এবার তাদেরকে শেষ ষোলোতেই বিদায় করে দিয়েছেন। এবার এই বাধা টপকাতে চাইবে তারা। অন্যদিকে জার্মানি মরিয়া প্রতিশোধ নিতে। আর দুইয়ে মিলে একটি জমজমাট লড়াই দেখার প্রত্যাশায় ফুটবল বিশ্ব। বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ১টায় শুরু হবে ম্যাচটি।
দীর্ঘ দিন ধরে ইউরোর শিরোপা খরায় ইতালি। সর্বশেষ ১৯৬৮ সালে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।
তারপর দু’বার ফাইনালে খেলেও পাওয়া হয়নি সাফল্য। আরজার্মানি চ্যাম্পিয়ন হয়েছে ২০ বছর আগে। ১৯৯৬ ইউরো জেতার পর ২০০৮ সালে ফাইনালে খেলেছিল। কিন্তু স্পেনের কাছে শিরোপা হাতছাড়া করতে হয়েছে তাদেরকে।
১৯৮২ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ইতালির কাছে ৩-১ গোলে হেরেছিল জার্মানরা। ১৯৭০ সালের সেমিতে হেরেছিল ৪-৩ গোলের ব্যবধানে। সবচেয়ে বেশি কষ্টদায়ক ছিল ২০০৬ বিশ্বকাপ। সেবার নিজেদের মাটিতে সেমিতে হেরেছিল ২-০ গোলের ব্যবধানে। সর্বশেষ ২০১২ ইউরোর সেমিতে বালোতেল্লির জোড়া গোলে হেরেছিল ২-০ ব্যবধানে। এবার সব হিসাব পাল্টে দেয়ার সুযোগ জার্মানির। সেই সঙ্গে বিশ্বকাপের সঙ্গে ইউরোর মুকুট পরার পথে এক ধাপ এগিয়ে যাওয়া।




