ইউরোপে মার্কিন পরমাণু ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিরোধী জার্মানি

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো ম্যাস বলেছেন, ইউরোপের মাটিতে মার্কিন পরমাণু ক্ষেপণাস্ত্র বসানোর ঘোর বিরোধী তার দেশ। জার্মানির বার্তা সংস্থা ডিপিএ-কে দেয়া সাক্ষাৎকারে গতকাল (বুধবার) তিনি এ মন্তব্য করেন।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্নায়ুযুদ্ধের সময় সই হওয়া পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি বাতিল করবেন বলে ঘোষণা দিয়েছেন। এরপর ইউরোপের মাটিতে মার্কিন পরমাণু ক্ষেপণাস্ত্র মোতায়েনের আশংকা জোরদার হয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ওই চুক্তি বাতিল করা হলে রাশিয়াও পাল্টা ব্যবস্থা নেবে। তিনি আরো বলেছেন, ইউরোপের মাটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হলে মস্কো তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা করণীয় তাই করবে।
এ পেক্ষিতে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো অবস্থাতেই ইউরোপের মাটি অস্ত্র বিতর্কের মঞ্চ হতে পারে না। তিনি সুস্পস্টভাবে বলেন, জার্মানিতে মার্কিন পরমাণু অস্ত্র মোতায়েনের চেষ্টা হলে তা কঠোর প্রতিরোধের মুখে পড়বে।
আমেরিকা ও রাশিয়ার মধ্যে ১৯৮৬ সালে ইন্টারমিডিয়েট নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি বা আইএনএফ চুক্তিটি সই হয়।
পার্সটুডে



