ইউক্রেনের বিমান ভূপাতিত করে ‘অনুতপ্ত’ রুহানি

ভুল করে ইউক্রেনের যাত্রীবাহী বিমান ভূপাতিত করার কথা স্বীকার করে ‘গভীরভাবে অনুতপ্ত’ হওয়ার কথা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। এই ঘটনাকে তিনি ‘ধ্বংসাত্মক ভুল’ বলেছেন।
গত বুধবার ইউক্রেনীয় বোয়িং ৭৩৭-৮০০ তেহরানের বিমানবন্দর ছেড়ে যাওয়ার ঠিক কয়েক মিনিটের মধ্যে বিধ্বস্ত হয়, এতে ১৭৬ জন যাত্রীর সবাই নিহত হন।
শনিবার বিবৃতিতে রুহানি বলেন, ‘শোকাহত পরিবারের জন্য আমার প্রার্থনা। আন্তরিক সমবেদনা।’
রুহানি জানান এই ঘটনার জন্য তদন্ত হবে।
ইরাকে মার্কিন হামলায় ইরানি জেনারেল কাসেম সোলেইমানির হত্যার বদলা নিতে মুখিয়ে আছে ইরান। এর ভেতর ওই বিমানটি বিধ্বস্ত হয়।
তেহরানে অবস্থিত ইউক্রেন দূতাবাস প্রথম দাবি করে, বিমানের ইঞ্জিন বিকল হয়ে যাবার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এর সাথে ‘সন্ত্রাসী’ কাজের কোনো সম্পর্ক নেই।
কিন্তু মার্কিন গণমাধ্যম দাবি করে ইরান ভুল করে ওই কাজ করেছে। এক পর্যায়ে মার্কিন এবং কানাডার গোয়েন্দারা বিভিন্ন তথ্য হাজির করলে আরও বিপাকে পড়ে যায় দেশটি।
অবশেষে শনিবার তারা বিবৃতিতে বলে, ইরানের বিপ্লবী গার্ডসের কাছে স্পর্শকাতর একটি এলাকা দিয়ে বিমানটি উড়ে যাওয়ার সময় ‘মানবীয় ভুলের’ কারণে ভূপাতিত করা হয়।



