
বিদায়ী বছরের মূল্যায়ন করতে গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বছরটি ছিল গণতন্ত্র হত্যার বছর, মানুষের অধিকারকে কেড়ে নেয়ার বছর এবং ফ্যাসিবাদের জয়ের বছর’ । তিনি আরও বলেন, আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবারই তারা গণতন্ত্রকে হত্যা করেছে।
জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সংগঠনের নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, নতুন বছরে আমরা সব সময়ই নতুন করে ভাবতে চাই, নতুন করে স্বপ্ন দেখতে চাই এবং নতুন করে এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমাদের সংগঠনকে শক্তিশালী করতে চাই।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি, বাংলাদেশে ছাত্রদলের যে ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্যকে সমুন্নত রেখে, ছাত্র আন্দোলনের ঐতিহ্যকে সমুন্নত রেখে এই ছাত্রদলের নেতৃত্বে এদেশে গণ-অভ্যুত্থানের সূচনা হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সক্ষম হবে।”
মির্জা ফখরুল বলেন, “এই বছরটি ছিল গণতন্ত্র ধ্বংসের বছর। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের মূল চেতনাই ছিল গণতান্ত্রিক চেতনা, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা। কিন্তু আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবারই তারা গণতন্ত্রকে হত্যা করেছে, এবার তারা ভিন্ন কায়দায় একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জন্য গণতন্ত্রকে ধ্বংস করেছে পুরো বছর জুড়েই।
তিনি বলেন, এই বছরে যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন তারা লাঞ্ছিত হয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাজা বাড়ানো হয়েছে, অন্যায়ভাবে কারাগারে আটক করে রাখা হয়েছে। হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে এবং তাদেরকে হয়রানি করা হচ্ছে। বাংলাদেশের বহু সাংবাদিক নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন এবং আজকে সত্যিকার অর্থে এই বছরটিতে বাংলাদেশ একটি ফ্যাসিবাদের কবলে পড়েছে।
আসন্ন ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনে প্রত্যাশা জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন কখনো অবাধ ও সুষ্ঠু হতে পারে না। এরপরেও গণতান্ত্রিক উপায়ে আমরা রাজনীতি করি, জনগণের কাছে পৌঁছানোর জন্য এবং আমাদের দাবিগুলোকে জনগণের কাছে নিয়ে যাওয়ার জন্য এটাকে আমরা একটা হাতিয়ার হিসেবে নিয়েছি, এই নির্বাচনকে আমরা সেইভাবে দেখছি।
ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সাবেক ছাত্রনেতাদের মধ্যে আমানউল্লাহ আমান, ফজলুল হক মিলন, খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম, শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, হাবিব উন নবী খান সোহেল, এবিএম মোশাররফ হোসেন, আমিরুল ইসলাম খান আলিম, আকরামুল হাসানও এ সময় সঙ্গে ছিলেন।
ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার সকাল ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা এবং বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি রয়েছে।



