sliderস্থানিয়

আলফাডাঙ্গায় নিখোঁজের দুই ঘন্টার মাথায় প্রবাসীর শিশুর মরদেহ উদ্ধার 

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: আলফাডাঙ্গায় নিখোঁজের দুই ঘন্টার মাথায় গাছের সাথে ঝুলন্ত অবস্থায় জায়ান মোল্যা (৭) নামে এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তবে এটি একটি হত্যাকান্ড দাবি করেছেন শিশুটির পরিবার।  

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে শিশুটির বাড়ি সংলগ্ন কিছুটা দূরে একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। জায়ান উপজেলার বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের গ্রীস প্রবাসী পলাশ মোল্লার ছেলে। শিশুটি স্থানীয় একটি কিন্ডার গার্ডেনে শিশু শ্রেণিতে পড়ালেখা করতো। 

থানা ও এলাকা সূত্রে জানা যায়, আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে শিশু জায়ান স্কুল থেকে বাড়িতে আসার পর নিখোঁজ হয়। জায়ানের মা ও পরিবারের স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে নিখোঁজের দুই ঘন্টার মাথায় বাড়ির অদূরে বাগানে একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। শিশুটির পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।  

নিহত জায়ানের মা সিনথিয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলে স্কুল থেকে ফিরে তেতুল কুড়াতে গিয়ে নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয় চান খার বাগানে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় পাই। তিনি বলেন, কত নিষ্ঠুরভাবে আমার বাবাকে মারা হয়েছে। তার পরনের প্যান্ট দিয়ে মুখ বেধে হত্যা করা হয়েছে। আমি হত্যাকারীর ফাঁসি চাই।   

বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনাটি সন্দেহজনক মনে হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button