sliderস্থানিয়

আলফাডাঙ্গায় গ্রাম্য দলাদলি, হামলায় কৃষক নিহত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় গ্রাম্য বিরোধের জেরে রাতের আধারে প্রতিপক্ষের অতর্কিত হামলায় সাইফুল সর্দার (৪৮) নামে এক কৃষক নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম।

গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মণ জাটিগ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আলফাডাঙ্গা থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় গুরুতর আহত ইসমাইল মোল্যা নামে আরো একজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সময় একাধিক বাড়িঘর ভাংচুর করা হয়েছে।

নিহত সাইফুল সর্দার আলফাডাঙ্গা সদর ইউনিয়ন বিএনপির সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও ঝাটিগ্রাম এলাকার হবি সর্দারের ছেলে বলে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান আব্বাস জানান। তিনি এই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করে জড়িতদের শাস্তির দাবি করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য ও পূর্ব শত্রুতার জেরে স্থানীয় জুয়েল মিয়া ও নিহত সাইফুল সর্দারের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বিভিন্ন সময় দুইপক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল। এরই জেরে রাতের বেলা প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সাইফুল সর্দারের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলায় গুরুতর আহত সাইফুল সর্দারকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এ ঘটনায় গুরুতর আহত ইসমাইল মোল্যা নামে আরো একজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনাস্থল পরিদর্শনকারী ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. আজম খান বলেন, পূর্ব বিরোধের জেরে অতর্কিত হামলায় এ ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button