আর্জেন্টিনার জার্সি গায়ে ফিরবেন মেসি!

চারবার বড় কোন টুর্নামেন্টের ফাইনালে হেরে শিরোপার স্বপ্নভঙ্গ। সর্বশেষ হারটা দেখা গেলো কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে। এই হারের পর আর্জেন্টিনার জার্সি খুলে রাখার ঘোষণা দিলেন দলের তারকা ফুটবলার লিওনেল মেসি।
মেসির অবসরের এমন আকস্মিক ঘোষণায় গোটা ফুটবল বিশ্বই টালমাটাল। মেসি জ্বরে কাঁপছে পুরো বিশ্ব। সবার একটাই আশা, সিদ্ধান্ত পরিবর্তন করে ফিরে আসবেন মেসি। তবে দেশটির সাবেক ফুটবলার মারিও কেম্পেস বিশ্বাস করেন, মেসি ফিরে আসবে!
১৯৭৮ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের সদস্য কেম্পেস মনে করেন, হতাশা থেকে কিছু না ভেবেই এমন ঘোষণা দিয়েছেন মেসি। তিনি বলেন, ‘চারবার বড় কোন টুর্নামেন্টের ফাইনালে গিয়ে পরাজয়, এটা সত্যিই দুঃখজনক। মেসির হঠাৎ অবসরের সিদ্ধান্ত কেবল হতাশার বহিঃপ্রকাশ ছিল। তবে সিদ্ধান্ত বদলে অবশ্যই মেসি জাতীয় দলে ফিরবে। সে ফিরবে এবং রাশিয়া বিশ্বকাপে খেলবে।’
এদিকে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে ফের জাতীয় দলে ফিরতে মেসিকে অনুরোধ করে যাচ্ছেন অনেকেই। বিশ্বজুড়ে সব ভক্তই মেসিকে কড়জোরে অনুরোধ করে যাচ্ছে তার সিদ্ধান্ত পরিবর্তনের জন্য। তাতে সাড়া দিয়ে মেসি তার মত বদলাবেন এবং ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন বলে মনে করেন কেম্পেস।
বলেন, ‘টুর্নামেন্টটা খারাপ কাটেনি আর্জেন্টিনার। পুরো টুর্নামেন্ট জুড়েই দলের ফুটবলাররা নিজের প্রমাণ করেছেন। তবে ফাইনালে গিয়ে তারা বাজে খেলেছে। আমরা চার চারটি ফাইনালে খেলেছি এবং এগুলোকে খারাপ বলা যাবে না। আর্জেন্টিনা চারটি ফাইনালে হেরেছে দেখে সব কিছু শেষ হয়ে যায়নি। আমি আশা করি, রাশিয়াতে বিশ্বকাপে দল দুর্দান্ত সাফল্য পাবে। আর সেই দলের নেতৃত্বে থাকবে মেসি। কেননা একটি সাফল্য নিয়ে অবসরে যাওয়া তার প্রাপ্য।’




