খেলা

আরেকটি লজ্জাজনক পরাজয় : হোয়াইটওয়াশ বাংলাদেশ

বিশাল ব্যবধানে আরেকটি পরাজয়। সেই সাথে নিশ্চিত হলো আরেকটি হোয়াইটওয়াশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে রোববার ব্যাটে-বলে অসহায় আত্মসমার্পন করল বাংলাদেশ দল। ফলাফল ২০০ রানে পরাজয়। স্বাগতিকদের ৩৬৯ রানের জবাবে ১৬৯ রানে অলআউট হয়েছে মাশরাফি বাহিনী। ইনিংসের দৈর্ঘ্য ছিলো ৪০ ওভার ৪ বল।
ইস্ট লন্ডনের বাফেলো পার্কে এদিন প্রোটিয়াদের দেয়া ৩৬৯ রানের জবাব দিতে নেমে আগের ইনিংসগুলোর মতোই হুমড়ি খেয়ে পড়েছে বাংলাদেশ। টপ অর্ডারের প্রথম চার ব্যাটসম্যানের রান ছিলো যথাক্রমে ১, ৮, ৬, ৮। এরপরই নিশ্চিত হয়ে যায় পরাজয়। দেখার ছিলো ব্যবধান কতো হয়। সেটিও কমানোর কোন চেষ্টা দেখা যায়নি ব্যাটসম্যানদের। একমাত্র সাকিব আল হাসানের ৬৩ রান ছিলো উল্লেখ করার মতো ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ সাব্বির রহমানের ৩৯। প্রোটিয়াদের পক্ষে ডেন প্যাটারসন ৩, ইমরান তাহির ও অভিষিক্ত এইডেন মার্করাম ২টি করে উইকেট নিয়েছেন।
অনেকদিন ধরেই সমালোচনা হচ্ছিল সৌম্য সরকার, ইমরুল কায়েস আর লিটন দাসের দলভুক্তি নিয়ে। আজকের ম্যাচে ব্যাটিং অর্ডারের প্রথম তিনজন ছিলেন তারা। আবারো ব্যর্থ হয়েছেন সবাই। এছাড়া ফর্মে থাকা মুশফিকও আজ দাড়াতে পারেননি। অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ পুরো সিরিজের মতো আজও ছিলেন নিষ্প্রভ। ফলে ফলাফল যা হওয়ার তাই হয়েছে।
আজ আগে ব্যাট করে ব্যাটসম্যানদের সম্মিলিত প্রচেষ্টায় ৬ উইকেটে ৩৬৯ রান করে দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে কোন সেঞ্চুরি ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস এটি। রেকর্ড বইয়ের প্রথম নামটিও দক্ষিণ আফ্রিকার। ২০০৭ সালে পাকিস্তানের বিপক্ষে কোন সেঞ্চুরি ছাড়াই তারা করেছিলো ৩৯২ রান। ক্রিকবাজ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button