
শিবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে বসন্তের শুরুতেই আমগাছগুলো ভরে উঠেছে মুকুলে। তবে আমের মৌসুমের আগেই কাটিমন আম পাওয়া যাচ্ছে বাজারে। সুস্বাদু এ আমের চাহিদা বেড়ে গেছে রমজানের ইফতারি হিসেবে।
এ সময় চাষিরা ব্যস্ত সময় পার করছেন বাগানের পরিচর্যায়- মুকুল রক্ষা, নিয়মিত সেচ, স্প্রে ও পরিচ্ছন্নতার কাজে। তবে জেলার কিছু ব্যতিক্রমী বাগানে দেখা মিলছে আগাম জাতের কাটিমন আমে।
শিবগঞ্জ উপজেলার ঘিওন গ্রামে ৪০ বিঘা জমিতে গড়ে তোলা বাগানে ইতোমধ্যেই কাঁচা-পাকা কাটিমন আম ঝুলছে। সঠিক ছাঁটাই, নিয়মিত সার প্রয়োগ ও রোগবালাই দমন করায় বাগান থেকে ফলন এসেছে সময়ের আগেই।
চাষিরা জানান, চলতি মৌসুমে প্রায় ৩০ লাখ টাকার আম বিক্রির আশা করছি। রমজানকে সামনে রেখে আগাম আমের চাহিদা বেড়ে যাওয়ায় বাজার দরও তুলনামূলক বেশি।
এ আমে লাভবান হওয়ায় অন্যান্য চাষিরাও কাটিমন আম চাষে ঝুঁকছেন। তাদের মতে, এই জাতের আম দ্রুত ফলন দেয়, গাছের উচ্চতা নিয়ন্ত্রণে রাখা যায়, রোগবালাই কম হয় এবং স্বাদে মিষ্টি ও আঁশ কম।
শিবগঞ্জ উপজেলার কানসাট আমবাজার ও চাঁপাইনবাবগঞ্জ সদরঘাট এলাকায় পুরাতন বাজেরে কাটিমন আম বিক্রি করতে দেখা গেছে। পুরাতন বাজারের ফল ব্যবসায়ী তোফাজ্জল হোসেন জানান, চলতি সপ্তাহে কাটিমন আম খুচরা বিক্রি হচ্ছে দুইশো থেকে দুইশো পঞ্চাশ টাকা কেজি দরে। এ আম খেতে সুস্বাদু এজন্য ইফতারে এর চাহিদা বেড়েছে। অন্যান্য বিদেশি ফলের চেয়ে কাটিমন আম ক্রেতারা বেশি পছন্দ করছে।



