অর্থনৈতিক সংবাদশিরোনাম

আমন ধান কেনায় সরকারের রেকর্ড

আমন ধান কেনার ক্ষেত্রে সরকার রেকর্ড করেছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বুধবার (১১ মার্চ) সচিবালয়ে আমন সংগ্রহ নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
এবার আমনে সরাসরি কৃষকের কাছ থেকে সোয়া ৬ লাখ টন ধান কেনা হয়েছে জানিয়ে সাধন চন্দ্র মজুমদার বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ৬ লাখ ২৬ হাজার ৯৯১ টন আমন ধান সংগ্রহ করব। ৩ লাখ ৩৭ হাজার ৬১৮ টন সেদ্ধ চাল ও ৪৩ হাজার ৯০০ টন আতপ চাল সংগ্রহ করব। এই উদ্দেশ্য সামনে রেখেই কাজ শুরু করি। কৃষি মন্ত্রণালয় থেকে আমরা তালিকা সংগ্রহ করেছি। মাঠ পর্যায়ের কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা, আমাদের উপজেলা খাদ্য কর্মকর্তাসহ মাঠ পর্যায়ের খাদ্য কর্মকর্তারা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক সবাইকে সঙ্গে নিয়ে আমাদের ২৫টি টিম মাঠে কাজ করেছে তদারকি করার জন্য।
তিনি বলেন, ছোটখাট বিচ্যুতি ছাড়া সর্বপ্রথম কৃষকদের কাছ থেকে সরাসরি প্রায় ৬ লাখ ২৭ হাজার টন ধান সংগ্রহ সম্ভব হয়েছে। খাদ্য ও কৃষি মন্ত্রণালয় সবসময় আলাপ-আলোচনার মাধ্যমে কাজ করে, আমরা একে অপরের সম্পূরক মনে করি। কারণ কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষককে ন্যায্যমূল্য দেয়ার জন্যই আমাদের এই প্রয়াস। আশা করি, আমরা সাকসেসফুল হয়েছি।
খাদ্যমন্ত্রী আরও বলেন, আমরা ধানের লক্ষ্যমাত্রার ৯৯ দশমিক ৯৫ শতাংশ সংগ্রহ করতে সক্ষম হয়েছি। এছাড়া সেদ্ধ চাল ৯৯ দশমিক ৯৪ শতাংশ ও আতপ চাল ৯৮ দশমিক ৮৬ শতাংশ অর্জন করা সম্ভব হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আমনে লক্ষ্যমাত্রার বিপরীতে ৬ লাখ ২৬ হাজার ৬৫৭ টন ধান, ৩ লাখ ৩৭ হাজার ৪০৭ টন সেদ্ধ চাল ও ৪৩ হাজার ৯০০ টন আতপ চাল সংগ্রহ করেছে খাদ্য অধিদফতর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button