
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আবাসিক ভবন থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহান জলির লাশ উদ্ধার করা হয়েছে।
ওই বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মশিহুর রহমান জানান, শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে জুবেরী ভবনে ভেতর থেকে বন্ধ একটি কক্ষের দড়জা ভেঙে তারা আকতার জাহানকে উদ্ধার করেন। রাজশাহী মেডেক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা জানান, অনেক আগেই তার মৃত্যু হয়েছে।
এ বিভাগের অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস জানান, আকতার জাহানকে তার ঘরের বিছানার ভেতরে মশারির মধ্যে শোয়া অবস্থায় পাওয়া যায়। তার মুখে ফেনা ও রক্ত বেরিয়ে আসার মত কালো দাগ ছিল।
তবে ময়নাতদন্ত না করে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয় বলে রাজশাহী মেডিক্যালের জরুরি বিভাগের চিকিৎসক মহিনুল ইসলাম জানিয়েছেন।
বিভাগের সহকারী অধ্যাপক কাজী মামুন হায়দার বলেন, জুবেরি ভবনের ওই কক্ষে একাই থাকতেন আকতার জাহান। গত মঙ্গলবার তার ঢাকায় যাওয়ার কথা ছিল। তার একমাত্র ছেলে সোয়াদ ঢাকায় থেকে পড়াশোনা করে।




