sliderস্থানিয়

আবাসিক এলাকার মধ্য থেকে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন সরানোর দাবীতে মানববন্ধন

মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের দপদপিয়া গ্রামে আবাসিক এলাকার উপর দিয়ে যওয়া ৩৩হাজার উচ্চ ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইন গতিপথ পরিবর্তনের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

বুধবার (১৬ জুলাই) বেলা ১১টায় দপদপিয়া ফেরিঘাট সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয়দের অভিযোগ, ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুর আত্মীয়ের অপসোনিন ফার্মা লিমিটেড তাদের বর্ধিত ফ্যাক্টরির সুবিধার্থে ক্ষমতার প্রভাব খাটিয়ে ‘ওজোপাডিকো’ কিছু অসাধু কর্মকর্তার সহায়তায় ব্যক্তিস্বার্থে দপদপিয়া গ্রামের আবাসিক এলাকার মধ্য দিয়ে এই সঞ্চালন লাইনটি স্থাপন করে।
অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে সঞ্চালন লাইনটি ফেরিঘাট এলাকা হয়ে অন্যপথে ছিল। কিন্তু নতুন ফ্যাক্টরি সম্প্রসারণের অংশে পড়ে যাওয়ায় খয়রাবাদ নদীর উপর দিয়ে তা ঘুরিয়ে গ্রামবাসীর বসতবাড়ির উপর দিয়ে নেওয়া হচ্ছে, যা জীবন ঝুঁকিপূর্ণ ও অবৈধ।

স্থানীয় বাসিন্দা রিমন খান জানান, “আমরা আদালতে স্থগিতাদেশ চেয়ে মামলা করেছি। সেনা ক্যাম্পেও অভিযোগ দিয়েছি। তারপরও কাজ বন্ধ হচ্ছে না। এই লাইন হাজারো মানুষের জীবনে হুমকি হয়ে দাঁড়িয়েছে। আরেক বাসিন্দা মোঃ প্রান্ত খান বলেন, “ভূমিদস্যু মামুন মেকার অপসোনিনের সহযোগী হয়ে এমপি আমুর ছত্রছায়ায় এই অনিয়ম চালিয়ে যাচ্ছে। ৫ আগস্টের পরও তার অপরাধ বন্ধ হয়নি। বরং অপসোনিনকে সুবিধা দিতে গিয়ে পুরো গ্রামবাসীকে বিপদের মুখে ঠেলে দিয়েছে।”

এসময় এলাকাবাসী অভিযোগ করে বলে, স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়ায় বিদ্যুৎ বিভাগ এসব অনিয়ম করছে। প্রতিবাদকারী কয়েকজনকে মামুন মেকার ও সরোয়ার নামের ব্যক্তিরা প্রকাশ্যে হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করে তারা।
এ ঘটনায় দপদপিয়া এলাকার সর্বস্তরের জনগণ বিদ্যুৎ বিভাগের অনিয়ম ও উচ্চ ভোল্টেজের ঝুঁকিপূর্ণ সঞ্চালন লাইনের গতিপথ পরিবর্তনে দ্রæত ব্যবস্থা নিতে সরকারের প্রতি জোর দাবি জানায়।

‘ওজোপাডিকো’র আবাসিক প্রকৌশলী মোঃ সোহেল রানা জানান, এ বিষয়ে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবো এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button