বিজ্ঞান ও প্রযুক্তি

আবার বিস্ফোরিত হলো স্যামসাংয়ের স্মার্টফোন

স্যামসাংয়ের গ্রান্ড ডুওস মডেলের একটি স্মার্টফোনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের সময়ে ফোনটি ব্যবহারকারীর বুকপকেটে রাখা ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিস্ফোরণের ভিডিও ভাইরাল হয়ে গেছে।
ইন্দোনেশিয়ার একটি হোটেলের লবিতে অপেক্ষা করছিলেন ৪৭ বছর বয়সী হোটেল সুপারভাইজার ইউলিআনতো। সে সময়ে তার বুকপকেটে রাখা ফোনটি হঠাৎ করে বিস্ফোরিত হয়। এতে তার শার্টে আগুন ধরে যায়। ইউলিআনতো বলেন, তার পকেটে রাখা স্যামসাংয়ের গ্রান্ড ডুুওস মডেলের ফোনটিকে স্পর্শ করার সাথে সাথে বিস্ফোরিত হয়। এতে তিনি খুব ভয় পান।
গত ৩০ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার হোটেল সিপুত্র সেমারাঙের লবিতে স্যামসাংয়ের গ্রান্ড ডুওস মডেলের স্মার্টফোনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। হোটেলে থাকা সিসিটিভিতে পুরো ঘটনাটি রেকর্ড হয়। স্যামসাং ২০১৩ সালে গ্রান্ড ডুওস মডেলের ফোনটি বাজারে ছেড়েছিল। একসাথে ওয়াই-ফাই, ব্লুটুথ ও জিপিএস ব্যবহারের কারণে স্মার্টফোনটি বিস্ফোরিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনার পরই ইন্দোনেশিয়ার স্থানীয় গণমাধ্যমকে স্যামসাং জানিয়েছে, গ্রাহকের নিরাপত্তাকে স্যামসাং সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে থাকে। বিস্ফোরণের ব্যাপারটি খতিয়ে দেখতে তারা সব ধরনের সহায়তা করবে। গত বছর দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটির গ্যালাক্সি নোট ৭ মডেলের আরেকটি ফোনে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। এ কারণে ওই মডেলের সব ফোন বাজার থেকে প্রত্যাহার করে নিয়েছিল স্যামসাং।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button