
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরে বাংলা হলের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার বিচারের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
সোমবার (৭ অক্টোবর) দুপুর ৩টার দিকে তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে মহাসড়ক অবরোধ করে।
অবরোধ চলাকালে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে শতশত যানবাহন আটকে পড়ে যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষরা। তবে অবরোধ চলাকালে এ্যাম্বুলেন্স ও জরুরী পরিবহন যাতায়াত করতে দেখা গেছে।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আবরার হত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে স্থানীয় সাংসদ ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক হানিফের গাড়িবহর রাস্তায় বেশ কিছু সময় আটকে থাকে।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আরিফ বলেন, শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে কাজ করছে প্রশাসন। বর্তমানে রাস্তায় যানচলাচল স্বাভাবিক রয়েছে।




