আইন আদালতশিরোনাম

আবরার হত্যার দায় স্বীকার করেছেন ছাত্রলীগের ১০ নেতাকর্মী: ডিবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় গ্রেফতার ছাত্রলীগের ১০ নেতাকর্মী হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মাহবুব আলম।
গত রোববার (০৬ অক্টোবর) দিবাগত রাত তিনটার দিকে বুয়েটের শেরে বাংলা হলের সিঁড়ি থেকে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আবরারের বাবা বরকত উল্লাহ ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় মামলা দায়ের করেন। তার আগেই সিসিটিভি ফুটেজ দেখে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বুয়েট শাখা ছাত্রলীগের ১০জনকে আটক করা হয়। পরে তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয় বলে জানান লালবাগ বিভাগের উপকমিশনার মুনতাসিরুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলেন- বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল (সিভিল ইঞ্জিনিয়ারিং, দ্বিতয়ি বর্ষ), সহ-সভাপতি মুহতাসিম ফুয়াদ (সিভিল ইঞ্জিনিয়ারিং, দ্বিতীয় বর্ষ), সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রবিন (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, চতুর্থ বর্ষ), তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকার (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, চতুর্থ বর্ষ), ক্রীড়া সম্পাদক মেফতাহুল ইসলাম জিয়ন (নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং, চতুর্থ বর্ষ), উপসমাজসেবা সম্পাদক ইফতি মোশাররফ সকাল (বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ারিং, তৃতীয় বর্ষ), সদস্য মুনতাসির আল জেমি (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, দ্বিতীয় বর্ষ), মো. মুজাহিদুর রহমান মুজাহিদ (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং, তৃতীয় বর্ষ) এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের খন্দকার তাবাখখারুল ইসলাম তানভির ও একই বিভাগের চতুর্থ বর্ষের ইসতিয়াক আহম্মেদ মুন্না।
আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার পর থেকেই উত্তাল হয়ে ওঠে বুয়েটে। সাধারণ শিক্ষার্থীরা আবরার হত্যার বিচারের দাবিতে শেরেবাংলা হলে অবস্থান নেন। এ ছাড়া উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ও। মঙ্গলবার ছুটির দিনেও আবরার হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করছেন বুয়েটের শিক্ষার্থীরা। এছাড়া আবরারে গ্রামের বাড়ি কুষ্টিয়াতেও বিচারের দাবিতে মানবন্ধন হয়েছে। আবরার হত্যাকাণ্ডে জড়িত ১৯জনকে শনাক্ত করা হলেও এখন পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা সবাই বুয়েটে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।
পূর্বপশ্চিম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button