বিনোদন

আফগান নারীর অভূতপূর্ব বিজয়

যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় রিয়েলিটি শো আমেরিকান আইডলের আদলে তৈরি আফগান স্টার নামক প্রতিযোগিতায় প্রথমবারের মতো একজন নারী বিজয়ী হয়েছেন। বলা হচ্ছে, পুরস্কার জয়ী সেই নারী তার গান দিয়েই লড়েছেন তালেবানের সঙ্গে।
আফগান স্টার পুরস্কারজয়ী ওই নারীর নাম জাহরা ইলহাম। চলতি সপ্তাহে প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হয়। গত ১৩ বছর ধরে সেই পুরস্কারটি ঘরে তুলছেন মৌলবাদী সশস্ত্র গোষ্ঠী তালেবানের কব্জায় থাকা দেশটির পুরুষেরা। কিন্তু জাহরা সবাইকে হারিয়ে পুরস্কারটি এবার নিজের করে নিয়েছেন।
জাহরা ইলহাম আফগানিস্তানের ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী পরিবার থেকে আসা। ইলহাম তার মধুর কণ্ঠ আর সুরের ঝলকে ফারসি লোকসঙ্গীত গেয়ে দর্শক ও বিচারকদের মুগ্ধ করেন। শুধু গান গেয়ে নয় ঐতিহ্যবাহী ও রং-বেরংয়ের পোশাক পরে সবার মন কাড়েন তিনি।
আফগান স্টারের খেতাব পাওয়ার পর তিনি বলেন, ‘আমি জয়ী হওয়াতে খুবই গর্ব অনুভব করছি। কিন্তু একই সঙ্গে এটা ভেবে আহত হয়েছি আমিই প্রথম নারী যে কিনা এই পুরস্কারটি পেলাম।’
জাহরা ইলহামের বয়স এখনো বিশ বছর পূর্ণ হয়নি। পরিবারের কেউ গান না করলেও অন্যান্য আইডলের গান শুনেই অনুপ্রাণিত হয়েছেন বলে জানান তিনি।
দেশের বেশিরভাগ নারী যখন তালেবানের ভয়ে ঘর হতে বের হওয়ার সাহস পাচ্ছেন না তখন ইলহাম রেকর্ড গড়ে সেরার খেতাব ছিনিয়ে নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয়েছেন। তালেবান যদি ফের ক্ষমতায় আসে এমন প্রশ্ন করা হলে জাহরা বলেন, ‘আমি আমার গান দিয়ে লড়াই চালিয়ে যাবো।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button