খেলা

আফগানিস্তানকে হারিয়ে ভারতের প্রতিপক্ষ হলো পাকিস্তান

দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাটিংয়েও দৃঢ়তা দেখাল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। তাতে আফগানিস্তানকে অনায়াসেই হারাল তারা। নিশ্চিত করল যুব বিশ্বকাপের সেমি-ফাইনালের টিকিট।
এই জয়ে শেষ চারে পাকিস্তানের প্রতিপক্ষ চির প্রতিদ্বন্দ্বী ভারত। সেমি-ফাইনালের অপর ম্যাচে বাংলাদেশ যুবাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯।
শুক্রবার বেনোনির উইলোমুর পার্কে সুপার লিগের কোয়ার্টার-ফাইনালের চতুর্থ ম্যাচে ৬ উইকেটের জয় পায় পাকিস্তান। ৫৩ বল বাকি থাকতে চার উইকেট হারিয়েই জয়ের জন্য ১৯০ রানের লক্ষ্যে পৌঁছে যায় দলটি।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন ওপেনার মোহাম্মাদ হুরায়রা। ৭৬ বলে খেলা তার অপরাজিত ইনিংসটিতে রয়েছে আটটি চার ও একটি ছক্কার মার।
মোহাম্মদ হারিস করেন অপরাজিত ২৯ রান। অন্যদের মধ্যে হায়দার আলি ২৮, অধিনায়ক রোহাইল নাজির ২২ ও কাসিম আকরাম অপরাজিত ২৫ রান করেন।
এর আগে নির্ধারিত পঞ্চাশ ওভারের পাঁচ বল বাকি থাকতেই ১৮৯ রানে গুঁড়িয়ে যায় আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। অধিনায়ক ও ওপেনার ফারহান জাকহিল সর্বোচ্চ ৪০ রান করেন। থিতু হয়ে ফেরেন আব্দুল রহমান (৩০), রহমানুল্লাহ (২৯) ও আবিদ মোহাম্মদি (২৮)।
পাকিস্তানের বোলারদের মধ্যে মোহাম্মদ আমির খান তিনটি উইকেট নেন। দুই উইকেট নেন ফাহাদ মুনির।
পচেফস্ট্রুমে আগামী মঙ্গলবার সেমি-ফাইনালে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। দু’দিন পর ফাইনালের ওঠার লড়াইয়ে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button