
নীলফামারী প্রতিনিধি: ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজনীতি ও নির্বাচনে নারীর সমান প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে নীলফামারীতে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক কমিটি (সনাক)—টিআইবি, ব্র্যাক, গুড নেইবারস, ওয়ার্ল্ড ভিশন, ইউএসএস ও ডেমোক্রেসী ওয়াচ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উদ্বোধন করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোছা. মলি আক্তার। পরে চৌরঙ্গী মোড়ে মানববন্ধনে সভাপতিত্ব করেন সনাক নীলফামারীর সভাপতি মো. আকতারুল আলম।
সমাবেশে বক্তব্য দেন সনাকের সহসভাপতি আফরোজা বিনতে আজিজ গ্লোরী, সনাক সদস্য আজমা আহসান ও নাসিমা বেগম, জেলা মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী রত্না রানী, উদয়াঙ্কুর সেবা সংস্থার জেন্ডার ফোকাল পার্সন সালমা আক্তার, ওয়ার্ল্ড ভিশন এডিপি ম্যানেজার অনুকূল বম্মর্ন, গুড নেইবারস সিডিপি ম্যানেজার বিভব দেওয়ান, ডেমোক্রেসী ওয়াচের জেলা প্রকল্প সমন্বয়কারী মো. মুজিবার রহমান, জেলা ব্র্যাক সমন্বয়কারী মো. আকতারুল ইসলাম এবং ইয়েস গ্রুপের দলনেতা মো. সাখাওয়াত হোসেন। এসময় উপস্থিত ছিলেন দ্বীপ্তমান মানবউন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি আব্দুল মোমিন।
বক্তারা রাজনীতি ও নীতি নির্ধারণী পর্যায়ে নারীর অংশগ্রহণ বাড়ানো, নারী প্রার্থীদের মনোনয়ন ও সহায়তা প্রদান এবং নারীর অধিকার, শিক্ষা, কর্মসংস্থান ও সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিআইবি ও সনাক নীলফামারীর এরিয়া কোঅর্ডিনেটর—সিই মোঃ আসাদুজ্জামান। মানববন্ধনে বিভিন্ন সংগঠনের সদস্যসহ শতাধিক মানুষ অংশ নেন।



