আনুষ্ঠানিকভাবে মনোনয়ন গ্রহণ করলেন হিলারি

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের প্রার্থী হিসেবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ফার্স্টলেডি হিলারি ক্লিনটন আনুষ্ঠানিকভাবে মনোনয়ন গ্রহণ করেছেন। মার্কিন নির্বাচনের ইতিহাসে তিনিই প্রথম প্রেসিডেন্ট পদে নারী প্রার্থী হিসেবে মনোনীত হলেন।
আনুষ্ঠানিকভাবে মনোনয়ন লাভের পর ফিলাডেলফিয়ার ওয়েলস ফার্গো সেন্টারে দেয়া বক্তৃতায় হিলারি বলেন, তিনি বিনয় ও প্রতিশ্রুতির মধ্যদিয়ে এ মনোনয়ন গ্রহণ করছেন।
হিলারি মার্কিন অর্থনীতির উন্নয়ন ও সুযোগ-সুবিধা বাড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন। সেজন্য তিনি রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচিত না করে বরং ডেমোক্র্যাট দলকে আরো চার বছর ক্ষমতায় রাখতে মার্কিন ভোটারদের প্রতি আহ্বান জানান। আগামী নভেম্বর মাসে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।
প্রায় এক ঘণ্টা ধরে চলা বক্তৃতায় হিলারি ক্লিনটন প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের নানা সমালোচনা করেন। তিনি বলেন, ট্রাম্প হচ্ছেন একজন অস্থির চিত্তের মানুষ। এর পাশাপাশি নিজের নির্বাচনী নীতি ও এজেন্ডা তুলে ধরেন হিলারি।
সুত্র: পার্স টুডে




