বাবা…। আদুরে কন্যার মুখে হাসি ফোটাতে সবই করতে পারেন তিনি। কিন্তু প্রিয় সেই মানুষটি যদি পৃথিবী থেকে চলে যান, তখন রাজকন্যার মুখে হাসি ফোটাবে কে? তাই মৃত্যুর পরও সন্তানের ভুবন ভোলানো সেই হাসির জন্য উপহার রেখে গেলেন বাবা। প্রতি জন্মদিনে একটি করে ফুলের তোড়া আর একটি চিঠি।
সেই রাজকন্যার নাম বেইলি সেলারস। আর তার রাজত্বের মালিক বাবা মাইকেল উইলিয়াম সেলারস। মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে থাকতেন তিনি।
বেইলির বয়স যখন ১৬, ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান বাবা।
মৃত্যুর শেষ মুহূর্তগুলো রাজকন্যাকে নিয়েই ভাবতে থাকেন উইলিয়াম। তার মৃত্যুর পর রাজকন্যার কী হবে? বাবাকে ছাড়া তো তার এক মুহূর্তও চলে না!
তাই মেয়ের জন্য বিশেষ উপহারের ব্যবস্থা করে যান বাবা।

কী সেই উপহার?
প্রতি জন্মদিনে এক গুচ্ছ ফুল আর একটি করে চিঠি!
২১তম জন্মদিন পর্যন্ত এই বিশেষ উপহার মেয়ের জন্য রেখে যান বাবা।
বাবার সেই উপহার বেইলির জীবনের সেরা উপহার, তা বলার অপেক্ষা রাখে না।
এ বছর ২১ বছরে পা রেখেছেন বেইলি। জন্মদিনে যুক্তরাষ্ট্রের টেনেসির নক্সভিলের বাড়িতে উপহার হাতে পেয়েছেন তিনি।

তবে এবার আনন্দের চেয়ে কষ্টের পাল্লা ভারী। কারণ ‘বাবার কাছ থেকে পাওয়া’ এটি বেইলির শেষ উপহার।
শেষ চিঠিতে রাজকন্যাকে কী লিখেছেন বাবা?
বাবা লিখেছেন, “তোমার প্রতিটি অর্জনে আমি সবসময় তোমার সাথে থাকবো। চারপাশে তাকালেই তুমি আমাকে দেখতে পাবে।”
“আবার আমাদের দেখা হওয়ার আগ পর্যন্ত এটিই তোমাকে পাঠানো আমার ভালবাসার শেষ স্মারক।”
বাবার সেই চিঠি নিয়ে টুইট করেছেন রাজকন্যা বেইলি, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন তুলেছে।
শুধু চিঠি নয়, টুইটারে ছোটবেলায় বাবার সাথে তোলা ছবি, প্রতিবছর পাওয়া ফুল আর চিঠির ছবিও পোষ্ট করেছেন বেইলি। লিখেছেন, বাবাকে কতটা মিস করেন তিনি।
এ পর্যন্ত আড়াই লাখের বেশি রিটুইট হয়েছে বেইলির সেই আবেগঘন পোষ্ট। আর টুইটটিতে লাইক পড়েছে ১১ লাখ।
বিবিসি




