আত্মহত্যার ভাবনা জানিয়ে প্রক্টরকে ঢাবি শিক্ষার্থীর চিঠি

আত্মহত্যার চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানীকে চিঠি দিয়েছেন ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শিক্ষার্থী মোঃ সোহেল রানা।
বুধবার (২৮ নভেম্বর) দুপুরে ঢাবি প্রক্টরকে এ চিঠিটি দেন ওই শিক্ষার্থী।
জরিমানা মওকুফের আবেদন জানিয়ে চিঠিতে সোহেল রানা লিখেন, আমি মোঃ সোহেল রানা,গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র। ৭ম সেমিস্টারের ৪০১ নং কোর্সের জন্য ডিনস কমিটি আমাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন। আমার বাবা হার্ট অ্যাটাকের রোগী, যার ওপর পরিবারের সবাই নির্ভরশীল। তার পক্ষে এত টাকা দেয়া সম্ভব নয়। সবাই পরীক্ষা দিলেও আমি টাকার অভাবে পরীক্ষা না দিতে পারার হতাশায় ভুগছি। হতাশা থেকে আত্মহত্যার চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে।
হতাশার কারণে ঢাবি শিক্ষার্থীদের আত্মহত্যার খবর বারবার যখন গণমাধ্যমে ঘুরপাক খাচ্ছে ঠিক এমন সময় প্রক্টরের কাছে এমন চিঠি যেন বিশ্ববিদ্যালয়ের কাছে শিক্ষার্থীদের অসহায়ত্ব আত্মহত্যার অন্যতম কারণ সেটা বুঝিয়ে দিচ্ছে বলে মনে করছেন অনেকেই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সাবেক শিক্ষার্থী রিয়াজ উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের এমন অনেক অযৌক্তিক ফি, জরিমানার টাকা পরিশোধ না করতে পেরে অনেকেই হতাশায় ভোগে। আর এমন কারণে যদি কেউ পরীক্ষায় না বসতে পারে সেটা তাঁর জন্যে একটা মানসিক যন্ত্রণার মত। সেটাও আত্মহত্যার অন্যতম কারণ। সেটা থেকে মুক্ত করার জন্যে একমাত্র বিশ্ববিদ্যালয়ই কোন ব্যাবস্থা গ্রহণ করতে পারে।
চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী বলেছেন, আমরা এ সংক্রান্ত একটি চিঠি পেয়েছি৷ চিঠির বিষয়টি আমরা বিবেচনা করব৷
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন চলার সময় ৪০১ নম্বর কোর্সটির পরীক্ষা দিতে না পারায় শিক্ষার্থীদের সবার কাছে থেকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি।
প্রসঙ্গত, চলতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত আটজন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। এর মধ্যে শুধু নভেম্বর মাসেই আত্মহত্যা করেছেন চারজন৷ পূর্বপশ্চিম।




