”আত্বিক শুদ্ধি নয় আত্মার উন্নতির জন্য রোজা” -আল্লামা সাইফুর রহমান নিজামী
ভাগ্য প্রক্রিয়া ও বরকতময় লাইলাতিম মোবারাকা উদযাপন উপলক্ষে মহামহিম আহলে বাইত মহামান্য খোলাফায়ে রাশেদীন, মহান মকবুল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহুতায়ালা আনহুম সত্যের ইমামবৃন্দ মহান গাউসে পাক প্রাণের খাজাবাবা ও জামে আউলিয়া কেরামের পথ পুনরুদ্ধারের লক্ষ্যে আনোয়ারা পারকি বাজার ব্যবসায়ী কল্যান সমিতির উদ্যোগে মঙ্গলবার ঈমানী সম্মেলন ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়।
সর্বস্তরের জনসাধারণের অংশ গ্রহণে ফয়সাল আহসান এর সঞ্চালনায় অনুষ্ঠিত ঈমানী সম্মেলন ও সালাতু সালাম মাহফিলে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট এবং ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশনের প্রধান উপদেষ্টা, বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন, পবিত্র কোরআন শরীফের তাফসীরকারক ও পবিত্র বোখারী শরীফের ব্যাখ্যাগ্রন্থ প্রণেতা, ২০২০ সালে ইসলামের সঠিক ধারার গবেষণায় গুরত্বপূর্ণ অবদানের জন্য রাষ্ট্রীয় একুশে পদক প্রাপ্ত, হাফেজ ক্বারী আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন রাহবারে দ্বীন ও মিল্লাত, বিশিষ্ট লেখক ও মিডিয়া আলোচক আল্লামা মুফতি রেজাউল কাওসার। বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা হাসান রেজা ও অসংখ্য আলেম প্রমুখ সুন্নী নেতৃবৃন্দ এ মাহফিলে অংশগ্রহন করেন।
বক্তাগণ বলেন ঈমানের পর জীবনের সকল রহমত ও বরাত লাভের নির্ধারিত উপায় পবিত্র কলেমা প্রদত্ত জীবনের আত্মমালিকানা ও দুনিয়ার মালিকানা। দোজাহানের সব সৌন্দর্যের বরাত-আল্লাহকে পাওয়ার বরাত ও প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাহহি ওয়াসাল্লাম এর আপন হওয়া। যার মূলে রয়েছে দয়াময় আল্লাহতাআলা ও তাঁর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রেমের অভিযাত্রা ও নৈকট্য সাধনা এবং যার শর্ত হলো আত্মার ঈমানী শুদ্ধতা। তাঁরা বলেন, আত্মার ঈমানী শুদ্ধতা নির্ভর করে সকল প্রকার বাতেল মত পথ থেকে মুক্ত থাকার উপর এবং সব কিছুর উর্ধ্বে প্রাণাধিক প্রিয়নবীর প্রেমভিত্তিক হৃদয়ের উপর।
তাঁরা বলেন, আত্মার মূল, অস্তিত্বের উৎস মহান রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে কোনভাবে বিচ্ছিন্ন থাকলে রেসালাত কেন্দ্রীক না হয়ে বস্তুভিত্তিক হয়ে থাকলে আত্মা মৃত অন্ধকার ও নাপাক হয়ে যায়, যেখানে নামাজ রোজা বা কোন এবাদতই আর কাজে আসে না। তাঁরা বলেন, অপরদিকে দ্বীনের সাথে সম্পূর্ণ একাকার হয়ে দ্বীনের বিরুদ্ধে বাতেলের আগ্রাসন ও মিল্লাতের সমস্যা সংকটে একাত্ম হয়ে দ্বীনের আধ্যাত্মিক রাজনৈতিক সর্বদিকে পূর্ণ বিশ্বস্ত না হলে কেবল একটা দিক রোজা দ্বীনের সাথে প্রতারণা হয়ে দাড়ায়।
বক্তাগণ আরও বলেন, সারা দুনিয়ায় আজ ইসলামের ছদ্মনামে প্রতারক বাতেল ফেরকা ও ধর্মের নামে অধর্ম উগ্রবাদ এবং নাস্তিক্য উদ্ভূত বস্তবাদী মতবাদ তাওহীদ রেসালাত থেকে আত্মাকে বিচ্ছিন্ন করে মিথ্যা আঁধারে নিমজ্জিত করার চক্রান্ত করছে, জীবন ও দুনিয়ার সর্বজনীন মানবিক প্রাকৃতিক রাষ্ট্রব্যবস্থা ও বিশ্বব্যবস্থা খেলাফতে ইনসানিয়াতের বিপরীতে মানবতাবিধ্বংসী একক গোষ্ঠিবাদী স্বৈর রাষ্ট্রব্যবস্থা ও বিশ্বব্যবস্থার মাধ্যমে সত্য ও জ্ঞানের প্রবাহ রূদ্ধ করে এবং জীবনের সকল অধিকার-স্বাধীনতা-নিরাপত্তা হরণ করে সমগ্র মানবতাকে দাসত্ত্ব শৃংখলে আবদ্ধ করে সর্বাত্মক ধ্বংসের অপচেষ্টা চলছে।
বক্তাগণ রোজার প্রকৃত আলোক চেতনায় সত্য ও মানবতার ধারায় নিজেদের জীবন ও সমাজ বিনির্মাণে মিথ্যা, অবিচার, জুলুম শোষণভিত্তিক বিরাজমান অমানবিক রাষ্ট্র ব্যবস্থার ও বিশ্ব ব্যবস্থার পরিবর্তন করে সত্য-সুবিচার-মানবতা-অধিকার ভিত্তিক সমাজ রাষ্ট্র বিশ্বব্যবস্থা তথা ইনসানিয়াত বা মানবিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার গ্রহণ করার আহ্বান জানিয়ে বলেন, আমরা যদি নিজেদের আত্মা ও জীবন থেকে বস্তুগত দাসত্ব উৎখাত করে রেসালত কেন্দ্রীক তাওহীদ ভিত্তিক জীবন চেতনার ধারক হয়ে সত্য ও মানবতার মুক্তির লক্ষে কাজ করে যেতে পারি, কেবল তাহলেই বরাতের শিক্ষা মাহে রমজানের শিক্ষা ও আদর্শের প্রকৃত বাস্তবায়ন সম্ভব।
সমাবেশ শেষে সালাতু সালাম ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ ক্বারী আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ।।
প্রেস বিজ্ঞপ্তি




