
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্যানিক (আতঙ্ক) ছড়াবেন না, সচেতন হন এবং শক্ত থাকুন। এখন মোবাইল-ল্যাপটপের যুগ। নিজেকে নিজে কোয়ারেন্টাইনে রেখেই কাজ করুন। কাজকর্ম ছেড়ে দিয়ে বসে থাকলে চলবে না।
আজ বৃহস্পতিবার এনইসি (জাতীয় অর্থনৈতিক পরিষদ) সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
সভা শেষে সাংবাদিকদের তিনি জানান, এনইসি সভা শুরুর প্রথম এক ঘণ্টা করোনা নিয়ে আলোচনা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, প্যানিক করবেন না, সচেতন হন এবং শক্ত থাকেন। সহযোগিতার মাধ্যমে সচেতনা তৈরি করতে হবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
এম এ মান্নান আরো জানান, ‘প্রধানমন্ত্রীর মূল বার্তা হলো (করোনাভাইরাস) প্রতিরোধ করতে হবে, আবার কাজও করতে হবে। আমরা জানি, করোনা বৈশ্বিক সমস্যা। সুতরাং বিশ্ব যে দিকে যাচ্ছে, আমরাও সেদিকেই যাচ্ছি। তবে আমাদের নিজেদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। তার অর্থ এই নয়, প্যানিক ছড়িয়ে, কাজ-কর্ম ছেড়ে দিয়ে বসে থাকব।’
পরিকল্পনামন্ত্রী জানান, প্রধানমন্ত্রী আরো বলেন, সরকারের প্রধান দায়িত্ব হলো জনগণকে সুরক্ষা দেয়া। এক্ষেত্রে খুব সীমিত কিছু করার স্বাধীনতা আছে। তাই আমাদের সচেতন হতে হবে। এক ধরনের সেল্ফ কোয়ারেন্টাইন। অর্থাৎ নিজেকে নিজে কোয়ারেন্টাইন করা।
প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে সরকারের সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে, দেশে আরো তিনজন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭ জন। এর মধ্যে অবশ্য তিনজন আগেই সুস্থ হয়েছেন।
এ ছাড়া গতকাল একজন করোনায় আক্রান্ত রোগী মারা যান। সরকারের রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান ওই তথ্য নিশ্চিত করে।
অন্যদিকে, সর্বশেষ তথ্যানুযায়ী বিশ্বব্যাপী করোনায় ৮ হাজার ৯৭৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আক্রান্ত হয়েছে ২ লাখ ১৯ হাজার ৮৯৩ জন।




