বিবিধশিরোনাম

আতঙ্কিত দোকানিদের ফোন পেয়ে গুলশানের একটি ভবনে পুলিশের তল্লাশি

গুলশানে পুলিশি তল্লাশির সময় আশপাশে জঙ্গি অভিযানের গুজব ছড়িয়ে পড়ে
ঢাকার গুলশানের একটি বাণিজ্যিক ভবনে ব্যাগ কাঁধে কজন যুবকের সন্দেহজনক গতিবিধির খবর পেয়ে মঙ্গলবার সকালে ভবনটি দ্রুত খালি করে নিরাপত্তা বাহিনী সেখানে ব্যাপক তল্লাশি চালায়।
পরে পুলিশ জানায় তারা সন্দেহ করছে যুবকদের উদ্দেশ্য ছিলো চুরি। অনেকগুলো নতুন মোবাইল ফোন ভর্তি একটি ব্যাগ পাওয়া গেছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মুখপাত্র মাসুদুর রহমান বিবিসিকে জানিয়েছেন সকাল সাড়ে নয়টার দিকে তারা গুলশানের একটি বাণিজ্যিক ভবন থেকে টেলিফোন পান যে ব্যাগ কাঁধে কয়েকজন যুবক সেখানে ঢুকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে।
গুলশানে হলি আর্টিজান বেকারির ঘটনার প্রেক্ষাপটে ঐ টেলিফোন কলকে অবজ্ঞা করেনি পুলিশ।
সাথে সাথে পুলিশ ও র‍্যাবের বিরাট দল সেখানে হাজির হয়ে ভবনটি ঘিরে ফেলে। তারপর এক এক করে তল্লাশি করে মানুষজনকে বের করে।
পরে ভবনের প্রতিটি তলায় গিয়ে তল্লাশি চালানো হয়। পুলিশ জানিয়েছে, সেসময় ফেলে যাওয়া দুটো ব্যাগ পাওয়া যায় যেগুলোর একটির মধ্যে ১৭টি নতুন এলজি ব্রান্ডের মোবাইল ফোন সেট পাওয়া গেছে।
ভবনের একটি ব্রোকারেজ ফার্মের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তাদের কিছু টাকা খোয়া গেছে।
পুলিশ এখন বলছে, জঙ্গি নয় সন্দেহভাজন ঐ যুবকরা খুব সম্ভবত চুরির উদ্দেশ্যে ঐ ভবনে ঢুকেছিলো।
গুলশান থানা পুলিশ জানিয়েছে তাদের ভবনটি পেছনে গ্রিল কাটা দেখতে পেয়েছে। যুবকরা হয়তো দোকানপাট খোলার আগেই ঐ দিক দিয়ে ঢুকেছিলো।
পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
সকাল দশটার দিকে পুলিশি ঐ অভিযানের সময়, আশপাশে গুজব ছড়িয়ে পড়ে যে গুলশানে জঙ্গি-বিরোধী অভিযান চলছে। বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button