শিরোনামশীর্ষ সংবাদ
আজ পহেলা বৈশাখ : স্বাগত বাংলা নববর্ষ ১৪২৫

‘এসো, এসো, এসো হে বৈশাখ
তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক
যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি
অশ্রুবাষ্প সুদূরে মিলাক.’
শনিবার পহেলা বৈশাখ। বাঙালির অভূতপূর্ব সাংস্কৃতিক জাগরণের উৎসবের দিন। সূর্য উদয়ের সাথে সাথে বাংলা বর্ষপঞ্জিতে নতুন বছর ১৪২৫। স্বাগত বাংলা নববর্ষ। জীর্ণ-পুরাতনকে পেছনে ফেলে বর্ষবরণের অফুরান আলোয় আজ উদ্ভাসিত হবে বাঙালি।
বাঙালির শত বছরের এই ঐতিহ্যের উৎসব যেন পুরাতনের বিনাশ। অন্যায়, অবিচার, কুসংস্কার, ভীরুতা ও কাপুরুষতার বিনাশ। নতুন সৃষ্টির উন্মাদনা। নতুন জীবন জন্মদানের বেদনা। এ যেন নতুন বিপ্লবের অপ্রতিরোধ্য সূচনা।




