
আগরতলা সীমান্তের ইন্টিগ্রেটেড চেক পোস্ট (আইসিপি) শনিবার থেকে আবার খুলে দিয়েছে ভারত। ৬ জন বিএসএফ সদস্য এবং কয়েকজন ইমিগ্রেশন কর্মী কভিড-১৯ পজিটিভ হওয়ার পর এক সপ্তাহ ধরে এটি বন্ধ ছিল।
ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, এই সীমান্ত দিয়ে শুধুমাত্র আটকে পড়া বাংলাদেশিদের ফিরতে দেয়া হচ্ছে। বিশেষ করা যারা চিকিৎসা সংক্রান্ত কাজে দেশটিতে গিয়েছিলেন।
একজন আইসিপি কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশের দিক থেকে কোনো পর্যটককে আমরা প্রবেশ করতে দিচ্ছি না।’
প্রতিবেদনে বলা হয়েছে, গত ৬ জুন বিএসএফের ছয় সদস্যসহ দুই জন ইমিগ্রেশন কর্মকর্তা এবং একজন ডাক্তার করোনা পজিটিভ হন। কর্মকর্তাদের ধারণা অগারতলা দিয়ে যেসব ভারতীয় বাড়ি ফিরেছিলেন, তাদের থেকে এই সংক্রমণের ঘটনা ঘটে।
ওই ঘটনার পর সব বিএসএফ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়। পাশাপাশি ইমিগ্রেশন কর্মকর্তাদেরও পরীক্ষা হয়েছে।




