আখাউড়ায় মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী কাপ্তান ভূঁইয়ার বাড়িতে অভিযান চালিয়ে টাকাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা।
উপজেলার দক্ষিণ ইউপির সীমান্তঘেষা কুড়িপাইকা গ্রামে ওই মাদক ব্যবসায়ীর বাড়িতে এ অভিযান চালানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে কাপ্তান ভূঁইয়া, নজু ভূঁইয়া, কাউছার ভূঁইয়া ও কায়কোবাদ ভূঁইয়াসহ চারজন পালিয়ে যায়।
পরে তাদের ঘরে তল্লাশি চালিয়ে মাদকের বস্তার সঙ্গে রক্ষিত ৩ লাখ ৪২ হাজার ১৮০ টাকা, এক হাজার ৩০৫ ইয়াবা, ১২১ বোতল ফেনসিডিল, ৮ কেজি গাঁজা ও ৪০ বোতল স্কফ উদ্ধার করা হয়। এ সময় প্রায় নয় লাখ টাকার মালামাল আটক করা হয়েছে। এ ঘটনায় রাতেই ওই চারজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বিজিবি।
বিজিব জানায়, গোপণ সংবাদের ভিত্তিতে কুড়িপাইকা গ্রামের চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ী কাপ্তান ভূঁইয়ার বাড়িতে ইয়াবাসহ বিভিন্ন মাদকের চালান প্রবেশ করেছে এমন গোপণ সংবাদের ভিত্তিতে ফকিরমুড়া ও গঙ্গাসাগর বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান চালান।
গঙ্গাসাগর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার রবিউল ইসলাম জানান, অভিযানের বিষয়টি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। উদ্ধারকৃত মাদকদ্রব্য রাতেই আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আখাউড়া থানার ওসি রসুল আহমদ নিজামী বলেন, কাপ্তান ভূঁইয়াসহ তার চার ভাইয়ের বিরুদ্ধে থানায় মাদকের মামলা হয়েছে।




