আক্রমণাত্মক প্রশ্নে কান্নায় ভেঙে পড়লেন নেইমার

রাশিয়া বিশ্বকাপের আনুষ্ঠানিক সূচনাটা ভালোভাবেই করল ব্রাজিল। ফ্রান্সের লিল-এ অনুষ্ঠিত প্রীতিম্যাচে এশিয়ান জায়ান্ট জাপানকে ৩-১ গোলে উড়িয়ে দিলো নেইমাররা। গোল তিনটি করেছেন ব্রাজিলিও সুপারস্টার নেইমার, মার্সেলো ও গার্ব্রেয়িল জেসুস।
ইনজুরির কারণে জাপানের বিপক্ষে মাঠে নামা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল নেইমারের। কিন্তু তেমনটি হয়নি। মাঠে নেমে দলকে দুর্দান্ত জয় এনে দিয়েছেন তিনি। অথচ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাহবার বদলে সাংবাদিকদের প্রশ্নের বাণে বিদ্ধ হলেন নেইমার। কান্নায় ভেঙে পড়লেন তিনি। সংবাদ সম্মেলন অসমাপ্ত রেখেই বের হয়ে গেলেন পিএসজির এই সুপারস্টার।
কী হয়েছিল সেখানে?
দলকে জেতানোর পর কোচ তিতের সাথে সংবাদ সম্মেলনে এসেছিলেন নেইমার। কিন্তু সেখানে ব্রাজিল-জাপানের ম্যাচের বদলে মুখ্য হয়ে উঠলো নেইমারের নতুন ক্লাব পিএসজি। এই বিষয়কে কেন্দ্র করে উপস্থিত সাংবাদিকদের পক্ষ থেকে একের পর এক আক্রমণাত্মক প্রশ্ন আসতে থাকে নেইমারকে লক্ষ্য করে। তাকে অভিযুক্ত করেন ক্লাবের ড্রেসিংরুমে জন্য সমস্যা সৃষ্টিকারী একটি চরিত্র হিসেবে। ক্লাবের প্রতি তার অঙ্গিকার নিয়েও প্রশ্ন তোলেন সাংবাদিকদের অনেকেই।
ফরাসি সাংবাদিকদের এমন আক্রমণে এক সময় কেঁদেই ফেলেন নেইমার। এসময় নেইমারের হয়ে জবাব দেন ব্রাজিল কোচ তিতে, ‘নেইমারের সাথে আমি গত দেড় বছর ধরে কাজ করছি। শুরু থেকেই আমাকে শুনতে হয়েছে তার সাথে আমার সমস্যা চলছে। কারণ, ড্রেসিংরুমে তার প্রভাব। আমরা মানুষ এবং অনেক সময় সঠিক পন্থায় প্রতিক্রিয়া দেখাই না। এটা আমার ক্যারিয়ারেও হয়েছে। এটা কি ভুল? অনেক ধরণের পারিপার্শ্বিক পরিবেশ থাকে এবং সেগুলোকে ঢালাওভাবে সামগ্রিক রূপ দেয়া থেকে বিরত থাকা উচিত।’
নেইমারের প্রশংসা করে ব্রাজিল কোচ বলেন, ‘আমাদের উচিত নেইমারের চরিত্র, তার স্বভাব এবং বিশাল হৃদয়টাকে নিয়ে কথা বলা।’
তিতের কথা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন নেইমার। ফরাসি সাংবাদিকদের সব অভিযোগ উড়িয়ে দিয়ে ব্রাজিলিয়ান তারকা বলেন, ‘তারা (ফরাসি সাংবাদিকরা) অনেক গল্পই বানিয়েছে যা সত্য নয়। কোচ (উনাই এমেরি) এবং কাভানির সাথে আমার কোনো সমস্যা নাই।’
তিনি আরো বলেন, ‘প্যারিসের সবকিছুই পারফেক্ট, আমি এখানে ভালো আছি, সুখে আছে এবং আমি পিএসজিতে সেই খেলোয়াড় হতে চাই, যে কিনা মাঠে সতীর্থদের জন্য সবকিছু দিতে পারে।’
ফ্রান্সে তিনি কোচ উনাই এমেরির অনুমোদনেই এসেছেন উল্লেখ করে ব্রাজিলিয়ান স্ট্রাইকার আরো জানান, ‘আমি যখন এখানে পৌঁছাই আমাদের একটা মিটিং হয়েছিল। তিনি আমাকে বলেছিলেন, আমি মাঠের কাজে তোমাকে সাহায্য করতে চাই। আর আমি খেলায় আমার ভূমিকার গুরুত্ব জানি এবং কোচ আমার কাছে যেটা চায় তার সবটাই দেয়ার চেষ্টা করি। কিন্তু এই ধরণের গল্প বানানো আমাকে কিছুটা কষ্ট দেয়। আমি গসিপ এবং এই ধরণের গল্প পছন্দ করি না। শেষ পর্যন্ত কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ত্যাগ করেন নেইমার।’
উল্লেখ্য, চলতি মৌসুমে কাতালান ক্লাব বার্সেলোনা থেকে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজিতে যোগ দেন নেইমার। তবে সেখানে যাওয়ার পর থেকেই একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছেন তিনি।




