আইসিসির লাভের ভাগ আগের মতো পাবে না ভারত

এতোদিন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল— আইসিসি যা লাভ করতো তার বেশির ভাগ অংশ চলে যেতো ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতের ক্রিকেট বোর্ডের ব্যাংক অ্যাকাউন্টে। কিন্তু সেটা আর থাকছে না। কার্যত ভেঙে গেছে ‘বিগ থ্রি’। মূলত এ কারণেই কমছে ভারতের লাভের ভাগ।
আইসিসির নতুন সিদ্ধান্ত অনুসারে, আইসিসি তাদের বিভিন্ন টুর্নামেন্ট থেকে যে লাভ করবে, তার অংশ সমানভাবে ভাগ হবে। সে হিসেবে, ভারত যতো টাকা আয় করবে, জিম্বাবুয়ের ভাগেও থাকবে একই অংকের টাকা।
ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, আইসিসির এই সিদ্ধান্তের ফলে আগের চেয়ে প্রায় দুই হাজার কোটি টাকা কম আয় হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের।
শ্রিনিবাসন আইসিসির প্রেসিডেন্ট থাকাকালে জন্ম নেয় বিতর্কিত ‘বিগ থ্রি’ তত্ত্ব। এতে আইসিসির আয়ের প্রায় ৩০ শতাংশ আগামী আট বছর অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতের কোষাগারে জমা হওয়ার কথা ছিলো। কিন্তু শশাঙ্ক মনোহর প্রেসিডেন্ট হয়ে এসে ভেঙে দিলেন সেই অবিচারের পথটা।
বিগ থ্রি-এর হিসেবে ভারত আইসিসির আয় থেকে লাভ করতো পাঁচ হাজার কোটি টাকার বেশি। কিন্তু এখন থেকে তাদের কমে যাবে অন্তত দুই হাজার কোটি টাকা।
আইসিসির নতুন সিদ্ধান্ত অবশ্য পাকাপাকিভাবে এখনো পাশ হয়নি। আইসিসির সিদ্ধান্তে সাতটি দেশ একমত প্রকাশ করেছে। এমন কি এতো দিন লাভের ভাগ বেশি পাওয়ার পরও অস্ট্রেলিয়া- ইংল্যান্ড তাদের আইসিসির নতুন প্রস্তাবে রাজি হয়েছে। ভারত পাশে পেয়েছে কেবল শ্রীলঙ্কাকে। অর্থাৎ শ্রীলঙ্কা চায়, ভারত আইসিসির আয়ের ভাগ একটু বেশিই পাক। আরেক দেশ জিম্বাবুয়ে, ভোটই দেয়নি।
নতুন অর্থনৈতিক মডেলে আয় কীভাবে ভাগ হবে, তা বিস্তারিত প্রকাশ করেনি আইসিসি। জানা গেছে, এ বিষয়ে আইসিসির আগামী সভায় একটা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।




