আইএস মার্কিনীদের ভুল পরিকল্পনার ফসল-ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

আজকের আইএস মার্কিনীদের ভুল পরিকল্পনার ফসল বলে মন্তব্য করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড। ব্রিটিশ পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটির শুনানিতে তিনি বলেন, ইরাক যুদ্ধের পর দেশটি নিয়ে মার্কিনীদের ভুল পরিকল্পনা আইএস উত্থানের কারণ।
হ্যামন্ড বলেন, মার্কিন সরকার ২০০৩ সালে ইরাকে আগ্রাসন চালায়। সাদ্দামের পতনের পর বার্থ পার্টির সমর্থকদেরকে দেশটির সেনাবাহিনী থেকে গণহারে সরিয়ে দেয়া হয়েছিলো। এই বিপর্যয়কর সিদ্ধান্ত আইএসের পথ খুলে দিয়েছে।
সেনাবাহিনী থেকে বার্থ পার্টির সমর্থকদেরকে গণহারে সরিয়ে দেয়ার সিদ্ধান্তকে সবচেয়ে বড় ভুল বলে আখ্যায়িত করে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, অন্য কোনো উপায় অবলম্বন করলে আমরা আজ আইএসের মুখোমুখি হতাম না।
তিনি বলেন, সেনাবাহিনী থেকে বহিষ্কারের পর বহু বার্থ পার্টির সমর্থক আইএসে যোগ দিয়েছে এবং বেশ বড় বড় পদ পেয়েছে। এরাই মূলত বর্তমান ধংসযজ্ঞে বড় ভূমিকা পালন করছে।
হ্যামন্ড বলেন, ইরাক ইস্যুতে ব্রিটেন সরকারের বড় রকমের উচ্চাকাঙ্ক্ষা ছিলো। কিন্তু মনে রাখতে হবে ইরাক আগ্রাসনে দশ লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে।


