অ্যাঙ্গোলার নির্বাচনে ক্ষমতাসীন দল এমপিএলএ বিজয়ী

অ্যাঙ্গোলার এ সপ্তাহে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির ক্ষমতাসীন এমপিএলএ দলের প্রার্থী জোয়াও লরেন্স বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়। এর ফলে তিনি এখন প্রেসিডেন্ট জোসে এদুয়ার্দো দস সান্তোসের উত্তরসূরি হতে যাচ্ছেন। সান্তোস দীর্ঘ ৩৮ বছর ধরে দেশটির ক্ষমতায় ছিলেন।

লুয়ান্দায় নির্বাচন কমিশনের এক কর্মকর্তা জানান, পিপলস মুভমেন্ট ফর দি লিবারেশন অব অ্যাঙ্গোলা (এমপিএলএ) ৬৪ শতাংশেরও বেশি ভোট পেয়ে জয়লাভ করেন। লরেন্স দক্ষিণ আফ্রিকার এ দেশে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির অঙ্গীকার ব্যক্ত করে বলেন, তিনি দেশটিতে ব্যাপক অর্থনৈতিক পরিবর্তন আনা একজন নেতা হিসেবে পরিচিতি পেতে চান। উল্লেখ্য, বর্তমানে তিনি প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছেন। জানা গেছে, আগামী সপ্তাহে তিনি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন। এএফপি।




