খেলা

অস্ট্রেলিয়াতে নিউজিল্যান্ড বধের মন্ত্র শিখবেন টা্রইগাররা

নিউজিল্যান্ডে খেলতে অন্য দেশগুলো সবার আগে যে সমস্যায় পড়ে, সেটা হলো সে দেশের আবহাওয়া। পাশের দেশ হওয়ার পরও অস্ট্রেলিয়াও সেখানে গিয়ে খেই হারিয়ে ফেলে। সে হিসেবে কিউইদের বিপক্ষে আসন্ন সিরিজটি হতে যাচ্ছে বাংলাদেশরে জন্য কঠিন চ্যালেঞ্জের।
কিউই চ্যালেঞ্জ মোকাবেলার আগে আপাতত বাংলাদেশ ক্রিকেট দলের ঠিকানা অস্ট্রেলিয়ার সিডনি। সেখানেই কয়েক দিনের প্রস্তুতি ক্যাম্প করবেন মাশরাফি- মুশফিকরা। তারপর সেখান থেকে তারা যাবেন নিউজিল্যান্ডে। কিউইদের মাটিতে তাদের বধের মন্ত্রটা অস্ট্রেলিয়াতেই শিখবেন সাকিবরা।
নিউজিল্যান্ডের কন্ডিশনের সঙ্গে বেশ মিল আছে সিডনির কন্ডিশনের। এ কারণেই মূলত সেখানে প্রস্তুতি ক্যাম্প করছে বাংলাদেশ। এতে দুটো উপকার হবে সাকিবদের। প্রথমত কিউইদের বধ করার জন্য নিবিড় অনুশীলন করা যাবে এবং তা তাদের মতো কন্ডিশনেই। দ্বিতীয়ত কিউই মিডিয়ার কাছ থেকে নিজেদের পরিকল্পনাও আড়াল করে রাখতে পারবেন চান্দিকা হাথুরুসিংহে।
অস্ট্রেলিয়াতে বাংলাদেশ গিয়েছে দুই ভাগে ভাগ হয়ে। প্রথমভাগে মাহমুদুল্লাহ- মুশফিকদের সঙ্গে গেছেন ১৩ ক্রিকেটার। বাকিরা সাকিব- মাশরাফিদের সঙ্গে গেছেন গতকাল। যাওয়ার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন সাকিব। তিনি জানিয়েছেন, নিউজিল্যান্ডে যাওয়ার আগে অস্ট্রেলিয়ার ক্যাম্পটি বেশ গুরুত্বপূর্ণ।
সাকিব বলেন, ‘অনেক দিন পর আমরা দেশের বাইরে খেলতে যাচ্ছি। সেটাও নিউজিল্যান্ডের মতো কঠিন কন্ডিশনে। পুরো সিরিজটি আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ সামাল দেয়ার জন্য সিডনির ক্যাম্প আমাদের কাজে দিবে।’
নিউজিল্যান্ডের বিপক্ষে তাদেরই মাটিতে সাফল্যের ইতিহাস লিখতে চাইলে কী করতে হবে, সেটারও একটা ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের এক নম্বর তারকা। সাকিব বলেন, ‘নিউজিল্যান্ডে গিয়ে আগে আমরা ওয়ানডে সিরিজ খেলবো। সেখানে আমাদের ভালো করতে হবে। শুরুটা ভালো করতে পারলে, পরেও আমরা ভালো কিছুর আশা করতে পারবো।’
ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়ক হওয়ার পর একটা কথা মাশরাফি প্রায়ই বলেন যে, যে কোনো সিরিজে ভালো কিছু করতে হলে শুরুটা আগে আত্মবিশ্বাসজাগানিয়া হতে হবে। সাকিবও বললেন একই কথা। অস্ট্রেলিয়ার ক্যাম্প থেকে দলের তরুণরা যতো ভালো শিখতে পারবেন এবং তাদের সঙ্গে যতোটা ভালো তাল মেলাতে পারবেন অভিজ্ঞরা, নিউজিল্যান্ডের বিপক্ষে শুরুটাও হবে ততোটাই ভালো।
এক ঝাঁক তরুণ ক্রিকেটার নিয়ে এবার নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই সিরিজ দেখে বোঝা যাবে, দেশের মাটিতে মাশরাফিরা যে সাফল্যের মিছিল শুরু করেছেন, সেটা বিদেশের মাটিতেও অব্যাহত রাখার জন্য বাংলাদেশ কতোটা প্রস্তুত। আপাতত সেটাই দেখার অপেক্ষায় সবাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button