প্রবাস

অস্ট্রেলিয়ায় ‘বাংলাদেশ ফেস্টিভ্যালে’র অংশীদার ‘অস্ট্রাবিল্ড’

অস্ট্রেলিয়ার সিডনিতে আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও ঐতিহ্যবিষয়ক মেলা ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল অস্ট্রেলিয়া’। এর আয়োজন করেছে বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি। সম্প্রতি এ উৎসবের সঙ্গে অংশীদারিত্ব চুক্তিতে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়ার মূলধারার নির্মাণ প্রতিষ্ঠান ‘অস্ট্রাবিল্ড’।
সিডনির একটি স্থানীয় রেস্টুরেন্টে আয়োজিত সাইনিং অনুষ্ঠানে চুক্তিপ্রস্তাবে স্বাক্ষর করেন মেলা কমিটির প্রেসিডেন্ট রেজাউল হক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মজিবুর রহমান। এ সময় কমিটির পক্ষে আরো উপস্থিত ছিলেন কো-অর্ডিনেটর জাহাঙ্গীর হাবিব, কালচারাল সেক্রেটারি ইফতেখার সোহেল এবং অস্ট্রাবিল্ডের পরিচালক নজরুল ইসলাম।
এর আগে গত জুলাই মাসে এনটিভি ও প্রবাসীদের উদ্যোগে অনুষ্ঠেয় এই মেলায় যৌথভাবে কাজ করার ঘোষণা দেয় সিডনির ক্যান্টারবুরি ও ব্যাংকসটাউন সিটি কাউন্সিল।
গত বছর প্রথমবারের মতো ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল অস্ট্রেলিয়া’ আয়োজনের পর প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিপুল সাড়া পাওয়ায় এবার দ্বিতীয়বারের মতো এ মেলার আয়োজন করা হচ্ছে। এর মধ্যেই মেলা নিয়ে শুধু প্রবাসী বাংলাদেশি নয়, অস্ট্রেলিয়ার অন্য ভাষা ও সংস্কৃতির অধিবাসীদের মধ্যেও আগ্রহ-উদ্দীপনা দেখা দিয়েছে। উৎসব সফল করতে স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন সংগঠন কাজ করে যাচ্ছে।
অস্ট্রেলিয়া সরকারের মন্ত্রী-এমপিরা এতে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী।
বাংলাদেশের জনপ্রিয় শিল্পী ন্যান্সি ও আগুন এ উৎসবে আমন্ত্রিত হয়ে গান পরিবেশন করবেন বলে এখন পর্যন্ত জানা গেছে।
মেলায় কোনো স্টল কিংবা স্পন্সরশিপের জন্য 0433472035 ফোন নম্বরে পাবলিক রিলেশন অফিসার সায়মন সারওয়ারের সঙ্গে যোগাযোগের অনুরোধ করা যাচ্ছে। এনটিভি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button