
মর্মান্তিক বললেও কম বলা হয়। মায়ের অস্ত্রোপচারের খরচ জোগাতে পথে পথে ভিক্ষা করে বেড়াতে হলো একটি শিশুকে। ঘটনাটি ঘটেছে ভারতীয় নগরী পাটনায়। শিশুটি প্রথমে নজরে পড়ে এক পথচারীর। তিনি ঘটনাটি জানান এক সংবাদমাধ্যমের প্রতিনিধিকে। ওই সাংবাদিকের মাধ্যে বিষয়টি জানতে পারেন মধুপুরার সাংসদ পাপ্পু যাদব। পাপ্পুর উদ্যোগে ওই শিশুটির মাকে হাসপাতাল থেকে ছাড়িয়ে আনা হয়েছে। স্থানীয় থানায় একটি এফআইআর–ও দায়ের করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে।
শিশুটি জানায়, তার মা ভর্তি রয়েছে পাটনার মা শীতলা ইমার্জেন্সি হাসপাতালে ভর্তি। সেখানে এক সন্তানের জন্ম দিয়েছেন ওই নারী। সন্তানের জন্মের অস্ত্রোপচার বাবদ ওই হাসপাতালের পক্ষ থেকে দেড় লাখ রুপি চাওয়া হয়। ওই প্রসূতির স্বামী পেশায় দিনমজুর। তিনি বিল কমানোর জন্য অনুরোধ করেন। অনেক আবেদন–নিবেদনের পরে বলা হয় ৭০ হাজার রুপি দিতে হবে। কিন্তু অনেক কষ্ট করেও ২৫ হাজার রুপির বেশি দিতে পারেননি ওই ব্যক্তি। তাই প্রসূতিকে ছাড়া হয়নি হাসপাতাল থেকে।
তাই মা–কে ছাড়াতে ভিক্ষা করতে নেমে পড়ে শিশুটি। শুধু তাই নয়, টাকা না দেয়া হলে পেটের সেলাইও কাটা হবে না বলে জানানো হয়েছিল।



