পাকিস্তানি বোলারদের সামনে দাড়াতেই পারেনি জিম্বাবুয়ে
তাদের বোলারদের যেভাবে কচুকাটা করেছেন পাকিস্তানের ব্যাটসম্যানরা, তারপর এই ম্যাচে জেতার আশা জিম্বাবুয়ে করেছে এমনটা ভাবা ভুল। তবে ব্যাটিং পিচে স্বাগতিকরাও একটা সম্মানজনক স্কোর গড়তে পারবে কিনা সেটি দেখার বিষয় ছিলো; কিন্তু পাকিস্তানি বোলারদের সামনে দাড়াতেই পারেনি জিম্বাবুয়ে।
অনেক রেকর্ডের এক ইনিংসের পর বুলাওয়েতে সিরিজের চতুর্থ ওয়ানডেতে প্রত্যাশামতোই বড় জয় পেয়েছে সফরকারী পাকিস্তান। ম্যাচে ২৪৪ রানের পরাজিত হয়েছে জিম্বাবুয়ে। রানের ব্যবধানে জয়ের দিক থেকে এটি পাকিস্তানের দ্বিতীয় বড় জয়। ২০১৫ সালে তারা আয়ারল্যান্ডকে হারিয়েছিলো ২৫৫ রানের ব্যবধানে। অল্পের জন্য সেই রেকর্ড গড়া হলো না পাকিস্তানের।
বুলাওয়েতে শুক্রবার রানের পাহাড় টপকাতে নেমে তাসের ঘরের মতো ধসে পরে জিম্বাবুয়ে। স্কোর বোর্ডে ৬৭ রান তুলতেই দলটি হারায় ৫ উইকেট। ষষ্ঠ উইকেট জুটিতে এলটন চিগুম্বুরা ও ত্রিপানো ৬৯ রানের জুটিতে অল্প রানে অলআউটের লজ্জা থেকে রক্ষা পায় দলটি। শেষ পর্যন্ত তারা অলআউট হয় ১৫৫ রানে। ত্রিপানো সর্বোচ্চ ৪৪ রান করেন। পাকিস্তানের পক্ষে লেগ স্পিনার শাদাব খান ২৮ রানে ৪ উইকেট নিয়েছেন। এছাড়া দুটি করে উইকেট নিয়েছেন উসমান খান ও ফাহিম আশরাফ দুটি করে উইকেট নিয়েছেন।
এর আগে টস জিতে ব্যাট করে ফখর জামান ও ইমাম উল হকের রেকর্ড উদ্বোধনী জুটিতে ভর করে পাকিস্তান তোলে ১ উইকেটে ৩৯৯ রান। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ৩০৪ রানের উদ্বোধীন জুটির রেকর্ড গড়েন দুজনে। ফখর করে প্রথম ওয়ানডে ডাবল সেঞ্চুরি(অপরাজিত ২১০)। ইমাম আউট হয়েছেন ১১৩ রানে।




