অর্ধশত রোহিঙ্গা নারী-শিশুকে বাংলাদেশে পুশইনের চেষ্টা বিএসএফের : সতর্ক বিজিবি
যশোরের বেনাপোলের পুটখালি সীমান্তের ওপার থেকে অর্ধশত রোহিঙ্গা নারী শিশুকে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা চালাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
গতকাল শনিবার সকাল থেকে ভারতীয় আংরাইল ক্যাম্পের বিএসএফ তাদেরকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন। তবে এপারে বিজিবির বাধার কারণে বিএসএফের সে চেষ্টা ব্যর্থ হয়েছে।
ভারতে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের রাতের আধারে বাংলাদেশে পুশইন করার জন্য পুটখালি সীমান্তের ওপারে ভারতের আংরাইল সীমান্তবর্তী জঙ্গলগুলোতে নুতন করে জড়ো করা হচ্ছে। বিএসএফের এ ধরনের অপতৎপরতার কারণে বিজিবির সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে।
গত তিনদিন ধরে সীমান্ত এলাকায় জঙ্গলের মধ্যে অমানবিক দিন কাটাচ্ছেন রোহিঙ্গা নারী-শিশুরা।
বিজিবি ও স্থানীয়রা জানান, গত ২দিন ধরে সীমান্তের ইসমাতি নদীর ওপারে এনে জড়ো করা হয়েছে শতশত রোহিঙ্গাদেরদের।বিএসএফ তাদের বাংলাদেশে কয়েক দফা পুশইনের চেষ্টা করলেও বিজিবির কড়া টহলের কারণে আসতে পারেনি রোহিঙ্গারা।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তারিকুল হাকিম এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সীমান্ত এলাকায় পূর্বের তুলনায় টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। সর্বোচ্চ সতর্কতাবস্থায় রাখা হয়েছে বিজিবিকে।




