রাজনীতি

অর্থনীতি ধ্বংস করতেই ব্যাংক কোম্পানি আইন সংশোধন : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, বর্তমান সরকার ব্যাংকিং খাতে আরো বেশি লুটপাটের সুযোগ করে দিতে ব্যাংক পরিচালনা পর্ষদের নতুন আইন করতে যাচ্ছে সরকার। তিনি বলেন, জাতীয় অর্থনীতিকে ধ্বংস করতে মূলত: আওয়ামী লীগের প্রভাবশালী কয়েক ব্যবসায়ীকে সুযোগ দিতেই ব্যাংক কোম্পানি আইন সংশোধন করা হচ্ছে। পাশাপাশি গণমাধ্যম ও মানুষের বাক-স্বাধীনতাকে সম্পূর্ণরুপে হরণ করতে সম্প্রচার আইন করতে যাচ্ছে সরকার। এছাড়া কক্সবাজার যাওয়ার পথে ফেনীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে যে হামলা হয় তার নেপথ্যে ছিল ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। যা ফেনী জেলা আওয়ামী লীগের নেতারা সংবাদ সম্মেলন করে গতকাল হাটে হাঁড়ি ভেঙ্গে দিয়েছেন বলে মন্তব্য করেন রিজভী।
আজ বুধবার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব বলেন। সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম, খায়রুল কবির খোকন, হাবিবুল ইসলাম হাবিব, আজিজুল বারী হেলাল, শামা ওবায়েদ প্রমুখ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতাসীন দলের লোকজন একের পর এক বেশ কয়েকটি ব্যাংক দখল করে নিয়েছে। বর্তমান সরকার যেন মানুষের সর্বস্ব হরণকারী দস্যু দলে পরিণত হয়েছে।
খসড়া সম্প্রচার আইন প্রসঙ্গে তিনি বলেন, ‘ভোটারবিহীন’ সরকার মানুষের বাক-স্বাধীনতা হরণ করতে একের পর এক কালো আইন তৈরি করছে। গণমাধ্যমের স্বাধীনতা বলতে আজ কিছুই অবশিষ্ট নেই। সরকারের বিরুদ্ধে সমালোচনা করলে শুধু গণমাধ্যম বন্ধই নয় প্রতিনিয়ত হামলা ও খুনের শিকার হতে হচ্ছে সাংবাদিকদের। সাগর-রুনি হত্যার বিচার আজো হয়নি। এরই মধ্যে সাংবাদিকরা গুমেরও শিকার হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button