বিনোদন

অভিষেকেই নাম করবেন সুহানা!

বলিউড সুপারস্টার শাহরুখ খানের মেয়ে সুহানা খানের বলিউডে অভিষেক নিয়ে আলোচনা সর্বত্র। বলিউডপাড়া থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই তাঁকে নিয়ে নানা গুঞ্জন। কিং খানের আদুরে মেয়ে সম্প্রতি একটি ফ্যাশন ম্যাগাজিনের প্রচ্ছদকন্যা হয়েছিলেন।
এখন বিভিন্ন সংবাদমাধ্যম বলছে, বলিউডের তারকা পরিচালকরা প্রতিযোগিতায় নেমেছেন সুহানাকে পেতে। সঞ্জয় লীলা বানসালি থেকে সঞ্জয় ঘোষ, কে আগ্রহী নন এ অষ্টাদশীকে পেতে?
শাহরুখ খানের ঘনিষ্ঠজন বলিউড হাঙ্গামাকে বলেন, প্রথমেই করণ জোহরের নাম আসবে। আমি মনে করি শাহরুখ খান ও গৌরী খান আরো নাম খুঁজছেন। যত দূর জানি, এঁদের সবাই মুম্বাইয়ের তারকা চলচ্চিত্র নির্মাতা, সঞ্জয় লীলা বানসালি থেকে সুজয় ঘোষ সবাই সুহানাকে চাচ্ছেন। সে জন্মগতভাবেই অভিনেত্রী। শাবানা আজমি তাঁকে এক নাটকে দেখেছিলেন এবং সাথে সাথেই মন্তব্য করেছিলেন, অভিষেকেই নাম করবে সুহানা।
এসব গুঞ্জনের বাইরে সুহানা। তিনি এখন ইতালির রাজধানী ভেনিসে ছুটি কাটাচ্ছেন। বন্ধু শানাইয়া কাপুরের সঙ্গে ভ্রমণ বেশ উপভোগ করছেন তিনি। বড় বড় শপিং মল, কফি বারে তোলা ছবিগুলোতে বেশ প্রাণবন্ত এ অষ্টাদশী। ক্যামেরার সামনে পোজ দিতে তিনি ভালোবাসেন। ভিডিও করতে ভালোবাসেন। ক্যামেরার সামনে তাঁর অঙ্গবিন্যাস তারকাদের মতোই। হাসিখুশি আর বাচ্চাদের মতো দৌড়াদৌড়ি তো আছেই। খবর হিন্দুস্তান টাইমসের।
শাহরুখকন্যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব জনপ্রিয়। সমান জনপ্রিয় পাপারাজ্জিদের কাছেও। ‘ভোগ’-এর আগস্ট সংখ্যার প্রচ্ছদে এই তারকাকন্যার ছবি প্রকাশের পর প্রায় প্রতিদিনই গুরুত্ব পাচ্ছেন বিনোদনের সংবাদে। ভোগ-এ প্রথম ফটোশুট নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গেই কথা বলেছেন সুহানা। তিনি জানান, ফটোশুট তাঁর পছন্দ। বিশেষ করে ‘নাচুনে শটগুলো’। কারণ তিনি নাচ পছন্দ করেন।
সুহানা জানান, তিনি কঠোর পরিশ্রম করতে চান। এর আগে বিশ্ববিদ্যালয় জীবন পাড়ি দিতে চান। এমন কিছু করতে চান তিনি, যা মূলধারার নয়।
‘ধড়ক’ সিনেমার মধ্য দিয়ে শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর বলিউডে প্রবেশ করেছেন। ‘কেদারনাথ’ ও ‘সিম্বা’ দিয়ে বলিউডে আসছেন সাইফ আলী খানের মেয়ে সারা। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ সিনেমা দিয়ে বলিউডে আসছেন চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডেও। সবকিছু মিলিয়ে ২০১৮ সালের প্রথম থেকেই তারকাকন্যাদের অনেকেই বলিউডে অভিষিক্ত হতে শুরু করেছেন। এখন দেখা যাক, শাহরুখকন্যা সুহানা কবে বলিউডে প্রবেশ করেন। তবে প্রবেশের আগেই তো তারকাখ্যাতি জুটে গেছে এ তারকাকন্যার!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button