আন্তর্জাতিক সংবাদশিরোনাম

অভিযুক্তদের কস্মিনকালেও আমেরিকার হাতে তুলে দেবেন না পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কথিত হস্তক্ষেপের দায়ে অভিযুক্ত ১৩ রুশ নাগরিককে কোনোদিনই ওয়াশিংটনের হাতে তুলে দেবে না তার দেশ।
২০১৬ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করে ডোনাল্ড ট্রাম্পকে জিতিয়ে দিয়েছে বলে আমেরিকার একটি মহল অভিযোগ করছে। সম্প্রতি মার্কিন বিচার বিভাগের এক তদন্ত প্রতিবেদনেও এ দাবি করা হয়েছে।
এনবিসি টিভি’কে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে পুতিন বলেন, “রাশিয়া তার নাগরিকদেরকে কারো কাছে হস্তান্তর করবে না। কখনো না। কস্মিনকালেও না।”
রাশিয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করেনি বলে আবারও জানান রুশ প্রেসিডেন্ট। তিনি বলেন, কথিত অভিযুক্ত ব্যক্তিরা যদি নিজেদের উদ্যোগেও কোনো কাজ করে থাকে তারপরও তাদেরকে হস্তান্তর করা হবে না।
রাশিয়া ও আমেরিকার মধ্যে অভিযুক্ত ব্যক্তিদের হস্তান্তরের কোনো চুক্তি নেই। এ ছাড়া, রাশিয়ার সংবিধান অনুযায়ী দেশটির সরকার বাইরের কোনো দেশের কাছে নিজের নাগরিকদের হস্তান্তর করতে পারে না।
মার্কিন বিচার বিভাগের বিশেষ আইনজীবী রবার্ট মুলার দীর্ঘদিন তদন্ত শেষে গতমাসে এক প্রতিবেদনে দাবি করেছিলেন, রাশিয়ার ১৩ ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠান মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে জিতিয়ে দেয়ার লক্ষ্যে হস্তক্ষেপ করেছিল।
রুশ প্রেসিডেন্ট পুতিন ওই অভিযোগের পক্ষে ‘শক্ত দলিল’ উপস্থাপন করার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রমাণ পেলে তা খতিয়ে দেখতে মস্কো প্রস্তুত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button