
সিরাজুল ইসলাম, সিংগাইর : মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল সাড়ে ৮ টায় উপস্থিত হন স্বাস্থ্য ও পরিবারকল্যান মন্ত্রী সরদার মো.সাখাওয়াত হোসেন। এ সময় তিনি চিকিৎসদের উপস্থিতি, অপারেশন থিয়েটার, সেবার মান, স্টোর রুম, বাথরুম ও হাসপাতাল চত্বর ঘুরে দেখেন। হাসপাতালের সার্বিক চিত্র দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন।
শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৮ টা থেকে পৌনে ১১ টা পর্যন্ত হাসপাতালে অবস্থান করেন স্বাস্থ্য মন্ত্রী।
৫০ শয্যার সরকারি হাসপাতালটিতে ৩২ জন চিকিৎসকের মধ্যে ১২ জন এ্যাটাসমেন্টে ও ৪ জন অনুপস্থিত দেখে তিনি প্রশ্ন করেন ১৫ জন চিকিৎসক দিয়ে হাসপাতাল কিভাবে চলে।
স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন,হাসপাতালে দালালের দৌরাত্ব্য আছে। তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এ্যাম্বুলেন্সে দালালির ব্যবস্থাসহ অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও আশ্বাস দেন।
এসময় তিনি আরো বলেন,স্বাস্থ্যসেবা জনগনের দৌড় গোড়ায় পৌঁছে দেয়া, দুর্নীতি মুক্ত স্বাস্থ্যখাত,চিকিৎসা সেবা সহজ লভ্য ও জনগন যাতে বিনা হয়রানিতে চিকিৎসাসেবা নিতে পারে এবং গ্রামের লোকজন ভালো সেবা পায় এমন লক্ষ্যে তিনি ও তার সরকার কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি।
সিংগাইর পৌরসভার আয়োজনে পূর্ব নির্ধারিত মশকনিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করে হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা কাজে অংশগ্রহণ করেন স্বাস্থ্য মন্ত্রী।
এ সময় সিংগাইর উপেজলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার, সহকারী কমিশনার(ভূমি) মো.হাবেল উদ্দিনসহ স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা -কর্মচারীগণ উপস্থিত ছিলেন।



