মঙ্গলবার নাথালি অস্ট্রিয়ার গ্রাজ শহরে সাইকেল চালানোর সময় অপহৃত হন। এসময় একজন ব্যক্তি তার গাড়ি নিয়ে সাইকেলের সামনে এসে দাঁড়ান। অপহরণকারী নাথালিকে জোর করে তুলে নিয়ে নিজ বাড়িতে আটকে রাখেন।
নাথালি বিরলি তার ফেসবুক পোস্টে রোমহর্ষক এই ঘটনার বর্ণনা দেন। তিনি এটিকে ভয়াবহ চলচ্চিত্রের সঙ্গে তুলনা করেন। তবে তার এই অপহরণের ঘটনায় অবশেষে মধুর সমাপ্তি ঘটেছে বলেই জানাচ্ছেন তিনি। কারণ অপহৃত হওয়ার মাত্র ঘন্টাখানেকের মধ্যেই তিনি মুক্তি পান। শুধু মুক্তিই পান না বরং অপহরণকারী নিজেই গাড়ি চালিয়ে নাথালিকে তার বাড়িতে রেখে আসেন।

২৭ বছর বয়সি এই নারী ক্রীড়াবিদ অস্ট্রিয়ার সাময়িকী ক্রোনেন জেইতুংকে জানান, তিনি রাস্তায় সাইকেল চালানোর সময় অপহরণকারী ব্যক্তি তার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এরপর তাকে দড়ি দিয়ে বেঁধে ওই ব্যক্তির গাড়ির পিছনে রাখেন।
লাঠির বাড়ি খাওয়ার কারণে তিনি অজ্ঞান হয়ে পরেছিলেন। জ্ঞান ফেরার পর তিনি নিজেকে নগ্ন অবস্থায় আবিষ্কার করেন। অপহরণকারী তাকে নগ্ন করে একটি চেয়ারে বেঁধে রাখেন। চারপাশে ভালোভাবে তাকিয়ে তিনি বুঝতে পারেন অপরিচিত একটি স্থানে তাকে নিয়ে আসা হয়েছে।
ওই ব্যক্তি তার চোখও বেঁধে দেয় এবং জোর করে তার মুখে মদ ঢেলে দেয়। এরপর ছুরি হাতে তাকে ভয় দেখাতে থাকে। যদিও প্রথমে সে নাথালিকে পরদিন ছেড়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু পরে সিদ্ধান্ত পরিবর্তন করে তার শ্বাসরোধ করে তাকে মেরে ফেলার চেষ্টা করে। এছাড়া তাকে জোর করে বাথরুমে নিয়ে যাওয়া হয় এবং পানিতে ডুবিয়ে মেরে ফেলারও হুমকি দিতে থাকে।

অপহরণকারী ওই ব্যক্তির এতসব মানসিক অত্যাচার সহ্য করেও নাথালির নজর পড়ে তার ঘরে রাখা অর্কিডের প্রতি। অর্কিডগুলোর প্রশংসা শুনে ওই ব্যক্তি নাথালির প্রতি নরম হয়ে উঠেন। তিনি জানান, বাগান করা তার শখ। এবং অর্কিডের প্রতি তার বিশেষ দুর্বলতা রয়েছে।
এছাড়া নিজের ব্যক্তিগত দুঃখের কথাও নাথালিকে বলেন। তিনি উল্লেখ করেন, তার মৃত বাবা-মা মদে আসক্ত ছিলেন এবং প্রেমিকা তার সঙ্গে প্রতারণা করেছেন। ফলে তিনি ব্যাপক মানসিক সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন।
অপহরণকারীর দুর্বলতার সুযোগ নিয়ে নাথালি তাকে ছেড়ে দেয়ার জন্য অনুরোধ জানান। ৩৩ বছর বয়সি ওই ব্যক্তিও তাকে ছেড়ে দেয়ার ব্যাপারে রাজি হন। এরপর তিনি তাকে বন্ধনমুক্ত করে নিজে গাড়ি চালিয়ে বাসায় পৌঁছে দিয়ে আসেন।
অপহরণের এই ঘটনায় অল্পের জন্য বেঁচে যান নাথালি। যদিও তার হাত ভেঙ্গে যায় এবং মাথায় আঘাত পান তিনি।
এদিকে গ্রাজ পুলিশের মুখপাত্র ফ্রিতজ গ্রুনডিং বার্তা সংস্থা এপিকে নিশ্চিত করেন, অপহরণের অভিযোগে ওই ব্যক্তিকে বুধবার গ্রেপ্তার করা হয়েছে।




