খেলা

অন্যরকম ‘ডাবল সেঞ্চুরির’ সামনে মাশরাফি

স্পোর্টস ডেস্ক : ২০০১ সালে ২৩ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রতিদিনের মতোই এক বুক আশা নিয়ে এসেছিল ভক্তরা। শক্তিশালী জিম্বাবুয়ের ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার পর কোনো পূর্ণশক্তির ক্রিকেট দলের বিপক্ষে তখনো জয় পায়নি বাংলাদেশ। তবে সেদিনের ম্যাচে বাংলাদেশ হারলেও দর্শকদের মুখে একটি নাম ছিল- মাশরাফি বিন মুর্তজা। যে সময়ে বাংলাদেশের কোনো বোলার ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিতে বল করার ঘটনা অবিশ্বাস্য ছিল, ঠিক সেই কাজটি করেই বিশ্বকে চমকে দিয়েছিলেন মাশরাফি। এরপর কেটে গেছে দীর্ঘ দেড় যুগ। আগামীকাল ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ। দীর্ঘদিন বাংলাদেশ জাতীয় দলের নেতৃত্ব দিয়ে আসা মাশরাফির সামনে এবার অন্যরকম দ্বিশতকের হাতছানি। কারণ, আগামীকাল মিরপুরে ওয়ানডে ম্যাচে খেলার দ্বিশতক পূরণ করবেন মাশরাফি।
২০০১ সালে অভিষেকের পর থেকে বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন মাশরাফি। অসাধারণ গতি এবং ব্যাটসম্যানকে বেকায়দায় ফেলে উইকেট আদায় করে দলকে বহুবার সুবিধাজনক স্থানে নিয়ে গেছেন এই পেসার। তবে ইনজুরি তাঁকে দল থেকে ছিটকে দিয়েছে বারবার। হাঁটুতে সাতবার অস্ত্রোপচার করার পরেও দেশের জন্য, দলের জন্য মাঠে নেমেছেন মাশরাফি। চিকিৎসকরা এমনটিও জানিয়েছিলেন, যদি আর কখনো তিনি হাঁটুতে আঘাত পান, তবে হুইল চেয়ারে বন্দি থাকতে হবে চিরতরে। তবে সেটিকেও চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আবারও ২২ গজে ফিরেছেন তিনি। দলকে নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন অনেক ওয়ানডে, টি-টোয়েন্টি সিরিজ। হাঁটুতে ক্যাপ পরে খেলা কিংবা খেলার বিরতিতে ড্রেসিং রুমে সিরিঞ্জ দিয়ে হাঁটু থেকে পানি বের করে আবারও মাঠে নামা- কোনোটিই থামাতে পারেনি অদম্য মাশরাফিকে।
এখন পর্যন্ত ১৯৯টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমেছেন মাশরাফি। পেয়েছেন ২৫২ উইকেট। ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে নাইরোবিতে ক্যারিয়ারদেরা বোলিং করেছেন মাশরাফি। মাত্র ২৬ রান দিয়েই ছয় উইকেট পেয়েছিলেন তিনি। অবশ্য আরো সাতবার পাঁচ উইকেটের হাতছানি এসেছিল মাশরাফির সামনে। তবে সেই বোলিং ইনিংসগুলোর অর্জন চার উইকেটে থেমে যায়। দলের প্রয়োজনে ব্যাট হাতেও মারকুটে ক্যামিও ইনিংস খেলার রেকর্ড আছে মাশরাফির তালিকায়। ২০০৬ সালে স্কটল্যান্ডের বিপক্ষে মাত্র ২৭ বলে অপরাজিত ৫১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন এই পেসার।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাশরাফি। তবে আগামী ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচন হওয়ার কথা থাকলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামবেন তিনি। ১৪ ডিসেম্বর ওয়ানডে সিরিজ শেষে নির্বাচনী প্রচারণায় নামবেন বলে জানিয়েছেন এই অধিনায়ক। এমনকি গত বৃহস্পতিবার ওয়ানডে সিরিজের পূর্বের একমাত্র প্রস্তুতি ম্যাচেও বল হাতে দুই উইকেট এবং ব্যাট হাতে ২২ রানের ঝড়ো ইনিংস খেলে প্রমাণ দিয়েছেন, এখনো ফুরিয়ে যাননি তিনি।
নিজের ২০০তম ওয়ানডেতে অবশ্যই জয় চাইবেন মাশরাফি। অধিনায়কের ওয়ানডে ম্যাচের দ্বিশতক মনে রাখার মতো হবে কি না, সেটি মাঠেই দেখা যাবে। সুত্র : এনটিভি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button