অনূর্ধ্ব-২১ ইউরো ফুটবলে চ্যাম্পিয়ন জার্মানি

স্পেনকে হারিয়ে অনূর্ধ্ব-২১ ইউরো ফুটবলের শিরোপা জয় করেছে জার্মানি। শুক্রবার পোল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় শহর কারাকোতে অনুষ্ঠিত ফাইনালে প্রথমার্ধে মিশেল ওয়েজারের দেয়া গোলের সুবাদে ১-০ গোলে জয়লাভ করে জার্মানরা।
এটি জার্মানির বয়সভিত্তিক দলের দ্বিতীয় শিরোপা। এর আগে ২০০৯ সালে শিরোপা জিতেছিল তারা। অপরদিকে হারের কারণে টানা চতুর্থবারের মতো শিরোপা ঘরে তুলতে ব্যর্থ হয় স্পেন। ম্যাচের ৪০তম মিনিটে রাইট ব্যাক জেরেমি টোলিয়ানের ক্রসের বল হেডের মাধ্যমে স্প্যানিশ গোলরক্ষক কেপা অ্যারিজাবালাগার মাথার ওপর দিয়ে স্পেনের জালে জড়িয়ে দেন হার্থা বার্লিনের উইঙ্গার ওয়েজার।
ম্যাচ শেষে স্প্যানিশ দলের কোচ রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সাবেক মিডফিল্ডার আলবার্ট সেলাদেস বলেন, ‘গোলটি সবকিছু কঠিন করে দিয়েছে। প্রথমার্ধটি আমাদের জন্য ছিল খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ার্ধে আমরা সব চেষ্টাই করেছি। কিন্তু ওই প্রচেষ্টার সঙ্গে পাল্লা দিয়ে শেষ হয়ে গেছে সময়। এই হারে আমরা অবশ্যই ব্যথিত। কারণ এটি ছিল ফাইনাল ম্যাচ। জার্মান দলটিও ছিল অসাধারণ। তারা চমৎকার ফুটবল খেলেছে।’
এদিকে ইনজুরিগ্রস্ত শীর্ষ স্ট্রাইকার ডেভিড সেলকেকে বাইরে রেখেই স্প্যানিশদের বিপক্ষে লড়াইয়ে নেমেছিল কোচ স্টেফান কাঞ্জের শিষ্যরা। তবে ইংল্যান্ডের বিপক্ষে সেমি-ফাইনালে অংশ নিতে না পারা ডিফেন্ডার নিকলাস স্টার্ককে একাদশে ফিরে পান তিনি।
দারুণ উদ্যম নিয়ে স্পেন লড়াই শুরু করলেও জার্মানি তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে ধীর গতিতে। প্রথমার্ধে গোল পাওয়ার পর নিজেদের রক্ষনভাগকে তারা আরো কঠিন করে তোলে। যে কারণে প্রতিপক্ষ পরিকল্পিত কোন আক্রমণ রচনা করতে পারেনি।
খেলা শেষে জার্মান কোচ কাঞ্জে বলেন, ‘ফাইনালে ছেলেরা যে দলগতভাবে শতভাগ উজাড় করে খেলবে, সে বিষয়ে আমাদের বিশ্বাস ছিল। সেটিই সত্যি হল। আজ আমরা সেরা কৌশলের ম্যাচটি খেলেছি। যেখানে ছেলেরা দারুণ সাহসের পরিচয় দিয়েছে। আমরা যে পরিকল্পনা করেছিলাম তা সঠিকভাবে বাস্তবায়ন করেছে তারা। এমন একটি দলের সঙ্গে লড়াই করা সহজ ছিলো না।’
বিরতির পর বেশ শক্তি সঞ্চার করেই মাঠে নেমেছিল স্প্যানিশরা। এ সময় বেশ কটি আক্রমণ রচনা করলেও প্রতিপক্ষের শিবিরে গিয়ে সেগুলো নস্যাৎ হয়ে যায়।




